ভারতকে রুখে দিল উইন্ডিজ
স্যাবাইনা পার্ক হলো পেসারদের স্বর্গ, বোলারদের ছড়ি ঘোরানোর উইকেট। কিন্তু স্যাবাইনা পার্কই ক্রিকেটকে দিয়েছে স্যার গ্যারি সোবার্সের ৩৬৫, ব্রায়ান লারার ২১৩। বুক চিতিয়ে লড়তে জানলে এই মাঠ পুরস্কৃত করতে ভুল করে না। রোস্টন চেজ সেই সাহস দেখালেন, পুরস্কারও পেলেন।
১৫.৫ ওভারে ৪৮ রানেই নেই ৪ উইকেট। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ২৫৬ রান! ম্যাচ তো জিতেই গেছে ভারত! কিন্তু পরশু চেজের (১৩৭*) ইচ্ছে হলো ইতিহাসে নাম লেখানোর। সোবার্সের দেশের এই অলরাউন্ডার নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই বসলেন সোবার্সের পাশে! ৫০ বছর পর কোনো ওয়েস্ট ইন্ডিয়ান এক ম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।
পরশু সকালটাই দিল অন্য ইঙ্গিত। প্রথমে স্যাবাইনা দেখল জার্মেইন ব্ল্যাকউডের ঝড়, ৫৪ বলে করলেন ৬৩ রান। তাঁর সঙ্গে চেজের ৯৩ রানের জুটিই হাওয়া বদলে দিল। এরপর শেন ডাউরিচের সঙ্গে চেজের ১৪৪ রানের ষষ্ঠ উইকেটজুটিতে শেষ হয়ে যায় ভারতের জয়ের আশা। আম্পায়ারের ভুলে ডাউরিচ এলবিডব্লু হয়ে ফিরলেও লাভ হয়নি, জেসন হোল্ডার ও চেজের ১০৩ রানের অবিচ্ছিন্ন সপ্তম উইকেটজুটি স্বাগতিকদের উল্টো লিড এনে দেয় ৮৪ রানের। ক্রিকইনফো।