ভারতকে সহজ ভাবছেন না সাকিব

লর্ডসের নিচেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। তার নিচে ওয়াকা। বেসিন রিজার্ভ, ইডেন গার্ডেন আর দ্য ওভালও আছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ক্রিকেট ভেন্যুগুলোকে যেন এক ছাদের নিচে নিয়ে এল সাকিব’স ডাইন! বনানীর ১১ নম্বর সড়কে ক্রিকেটার সাকিব আল হাসানের নতুন রেস্তোরাঁ।
আইপিএল খেলতে সাকিব ভারতে চলে গেছেন কাল দুপুরে। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজ আর আসন্ন ভারত সিরিজ নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে পরশু সন্ধ্যায় তাই সাকিব’স ডাইনে হাজির বেশ কয়েকজন সাংবাদিক। কথাবার্তা সাকিবের নতুন রেস্তোরাঁয় বসে হলেও প্রশ্ন সবই ক্রিকেটকেন্দ্রিক। রেস্তোরাঁ বলে তাতে ক্রিকেটীয় আবহেরও যে কমতি ছিল, তা নয়। অন্দরসজ্জার প্রায় সবকিছুতেই যে ক্রিকেট!
একপাশের কাঠের দেয়ালে ক্রিকেট মাঠের ছবি। আরেকটা দেয়াল তো যেন নিজেই সবুজ মাঠ! তাতে ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে সাকিবের বিশ্বকাপ জার্সি। ইন্ডিয়ান, থাই, অ্যারাবিয়ান, মরোক্কান, ইতালিয়ান ও কন্টিনেন্টাল খাবারের সঙ্গে সাকিব’স ডাইনে খুঁজে পাবেন স্মারক বল, ব্যাট আর স্টাম্পও। সাকিবের ইচ্ছা আছে, ভবিষ্যতে খাবারের নামেও ক্রিকেটের ছোঁয়া দেওয়া।
নিজের রেস্তোরাঁয় নিজের ঘরের মতোই স্বচ্ছন্দ তিনি। ঘুরেফিরে অতিথিদের খোঁজখবর নেওয়া, খাওয়ার মেন্যু নিয়ে দুষ্টুমি সবই হলো। তবে এটা কেবলই সাকিবের ব্যবসা, তাঁর আসল কাজ ক্রিকেট খেলা। রেস্তোরাঁর চেয়ে তাঁর জন্য খেলার মাঠে স্বচ্ছন্দ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ, যেমন গুরুত্বপূর্ণ আগামী মাসে ভারতের বিপক্ষে নিজেদের মাটির সিরিজে বাংলাদেশ দলের স্বচ্ছন্দ থাকা। সাকিব’স ডাইনের কর্ণধারকে অবশ্য আশাবাদীই মনে হলো এই সিরিজ নিয়ে, ‘সিরিজটা যেহেতু দেশের মাটিতে, একটা আত্মবিশ্বাস তো কাজ করবেই। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ এবং বিশ্বকাপের পারফরম্যান্স আমাদের উজ্জীবিত করবে। আমি নিশ্চিত দর্শকেরা অন্য যেকোনো সিরিজের তুলনায় এই সিরিজে আমাদের বেশি সমর্থন দেবে।’
গত এপ্রিলের শুরুতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ফেবারিট ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিলেন। সাকিব আগে থেকে কীভাবে বুঝেছিলেন, বাংলাদেশের জন্য বড় কিছু অপেক্ষা করছে? নাকি ওটা ছিল নিছকই কথার কথা! সেই রহস্যের জটও খুললেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক, ‘২০১২ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে আমরা প্রতিটি ম্যাচে জেতার অবস্থায় গেছি। তখন পাকিস্তানের সেরা খেলোয়াড়েরাই ছিল। আর এখন ওরা একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। আমার কাছে এটা তাই খুব স্বাভাবিক বিষয় মনে হয়েছে যে, আমাদের মাটিতে সিরিজটা আমাদেরই জেতা উচিত।’
ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে অবশ্য বেশ সতর্ক সাকিব। আগেই বলে নিলেন, ‘সবকিছু নির্ভর করছে ভারতের কোন দল আসে তার ওপর।’ এর পর বুঝিয়ে দিলেন পাকিস্তান আর ভারত এক নয়, ‘ওরা বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে। দলে অনেক ম্যাচ উইনার। আমাদের জন্য কাজটা সহজ হবে না।’ এই সিরিজটা কি তাহলে জেতার আশা করছে না বাংলাদেশ দল? বলতেই প্রতিবাদ, ‘আমরা সিরিজ অবশ্যই জিততে চাইব।’ সেটা যদি না-ও হয়, ভারতের বিপক্ষে অন্তত একটা ওয়ানডে জয়কেও ভাববেন বড় প্রাপ্তি। তবে সবার আগে সাকিব চান পারফরম্যান্সের ধারাবাহিকতা, ‘একটা ম্যাচ জিতে দুটি ম্যাচ ভালো করলাম না, সেটা ভালো দেখাবে না। বিশ্বকাপে আমরা প্রতিটি ম্যাচ ভালো খেলেছি। পাকিস্তান সিরিজেও তিন ম্যাচেই ভালো খেলেছি। এই পারফরম্যান্স ধরে রাখলে ফলাফল এমনিতেই আমাদের পক্ষে আসবে।’
শেষ টেস্টটির আগ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজটি স্বপ্নের মতোই কেটেছে বাংলাদেশ দলের জন্য। তবে ঢাকা টেস্টে ব্যর্থতায় আলোচনাটা মোড় নিল নেতিবাচক দিকে। চারদিকে একটাই কথা—টেস্টে বাংলাদেশের ২০ উইকেট নেওয়ার মতো বোলারই নেই। সাকিব মানতে রাজি নন। তবে শর্ত দিলেন, উইকেটে বোলারদের জন্য কিছু থাকতে হবে। টেস্টে ভালো করতে বোলারদের ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা অবশ্য বললেন নিজে থেকেই।
উইকেটের কথা বললে স্বাগতিক হওয়ার সুবিধা নেওয়ার ব্যাপারটিও চলে আসে। সামনের সিরিজগুলোর দিকে দৃষ্টি রেখে সাকিব বললেন, ‘এশিয়ান দলের বিপক্ষে কন্ডিশনের সুবিধা নেওয়া কঠিন। কারণ ওরাও এই ধরনের কন্ডিশনে খেলে। তবে আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু হলেও নিজেদের মাঠের সুবিধা আমরা নিতে পারি। ওদের চেয়ে আমাদের স্পিনাররা ভালো।’
পাকিস্তানের বিপক্ষে যে বোলিং করেছেন, তাতে এটি প্রমাণের বাড়তি একটা দায়িত্ব কিন্তু সাকিবের কাঁধেই বর্তেছে।