ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তবে আইসিআরসি ক্রিকেটের শেষটা ভালোই হয়েছে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলের। বিকেএসপিতে কাল ভারতকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ দলের টুর্নামেন্টে তৃতীয় হওয়ার সান্ত্বনা জুটেছে। দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামীকাল পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল ম্যাচটিও বিকেএসপিতেই।
আগের দিন ফিফটি করেও পরাজয়ের হতাশায় পুড়তে হয়েছিল শাহরিয়া শামীমকে। কাল ৫০ বলে অপরাজিত ৪২ রান করেই তৃপ্ত বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলের এই ব্যাটসম্যান। দলের জয়ের সঙ্গে পেয়েছেন ম্যাচ-সেরার ট্রফিও। ওপেনার সুজন মাত্র ৪ রানে ফিরে গেলেও আরেক ওপেনার আমিন উদ্দিনের (৪৫) সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান শাহরিয়া। ৮০ রানের জুটি তাঁদের। আমিন আউট হয়ে যাওয়ার পর অপূর্ব কুমারকে (১৮*) সঙ্গে নিয়ে ম্যাচটা শেষ করেন শাহরিয়া। এর আগে ভারতকে ১১৫ রানে গুটিয়ে দেওয়ার কাজটা মূলত করেছেন অধিনায়ক আলম খান আর দ্রুপম পত্রনবীশ। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন আলম, দ্রুপম ১৫ রানে ২টি।
টুর্নামেন্টের প্রথম দিন বাংলাদেশ যাদের হারিয়েছিল, সেই ইংল্যান্ড ফাইনালে উঠেছে বাকি তিনটি ম্যাচ জিতে। আগের দিন বাংলাদেশকে হারানো আফগানরা অবশ্য কালও লড়েছে শেষ পর্যন্ত। ইংল্যান্ডের ৫ উইকেটে ১৫১ রানের জবাবে অলআউট ১৪৮ রানে, তাও মাত্র এক বল বাকি থাকতে। ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত রান ইংল্যান্ডের ক্যালাম ফ্লিনের ৫০।