ভারতকে ২২৭ এর মধ্যে আটকাতে পারবে দক্ষিণ আফ্রিকা?

শনির দশা যেন কাটছেই না দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে টানা দুই ম্যাচে হারের ক্ষত ভুলতে চাইছে তারা। জয়ের ধারার ফিরতে আজ প্রোটিয়ারা সাউদাম্পটনে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে। কিন্তু সে হতাশা কাটানো সহজ হবে না। ৯ উইকেট হারিয়ে মাত্র ২২৭ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
টস ভাগ্য সঙ্গে ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু টস জয়টা কতটা কাজে লাগাতে পেরেছে সে প্রশ্ন থাকবেই। পুরো পঞ্চাশ ওভার খেলে কোনোমতে একটি লড়াকু পুঁজি পেয়েছে তারা। ইনিংসের একটা সময় দুই শ পেরোতে পারবে কি না সে শঙ্কায় ছিল দলটি। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোমতে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছে প্রোটিয়া।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে বড় টার্গেট দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ রানে অভিজ্ঞ হাশিম আমলার উইকেট খুইয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা। জসপ্রীত বুমরার বলে রোহিত শর্মার ক্যাচ হয়ে ফিরে যান। মাঝে দু-একটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি যদিও গড়ে উঠেছিল, কিন্তু তা দীর্ঘায়িত করে ইনিংসটাকে স্থিতিশীল করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় টার্গেট দেওয়ার লক্ষ্য আর পূরণ হয়নি তাদের।
আমলার বিদায়ের পর অন্য ওপেনার ডি ককও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত ১০ রানে বুমরার দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। দুই ওপেনারকে ফিরিয়ে বুমরা প্রোটিয়াদের শুরুটা বিষিয়ে দেন, আর তাদের মিডল অর্ডার ধসিয়ে দেওয়ার দায়িত্বটা নেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ফাফ ডু প্লেসি, ফন ডার ডুসেন, ডেভিড মিলার এবং আন্দিলে ফিকোয়াওয়ের উইকেট তুলে নিয়েছে।
দুই ওপেনারকে হারিয়ে ডু প্লেসি এবং ডুসেনের তৃতীয় উইকেট জুটিতে অবশ্য শুরুর ধাক্কা ভুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাদের জুটি পঞ্চাশ (৫৪) ছাড়াতেই চাহালের আঘাত। ২০তম ওভারের প্রথম বলে ডুসেন আর শেষ বলে ডু প্লেসিকে বোল্ড করে ফিরিয়ে প্রোটিয়াদের ক্ষণিকের প্রতিরোধ গুঁড়িয়ে দেন চাহাল। নতুন নামা জেপি ডুমিনি কুলদীপ যাদবের একমাত্র শিকার হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন মাত্র ৩ রান করে। ষষ্ঠ উইকেট জুটিতে মিলার-ফিকোয়াও ৪৩ এবং সপ্তম উইকেট জুটিতে ফিকোয়াও-মরিস ২৩ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু সে চাহালের আঘাতেই আবারও সাঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস বড় করার স্বপ্ন। মিলার এবং ফিকোয়াও দুজনকেই ফেরান চাহাল।
অষ্টম উইকেট জুটিতে রাবাদা এবং মরিসের দৃঢ়তায় শেষে লড়াই করার মতো একটি সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। যদিও ভারতের ব্যাটিংয়ের সামনে লক্ষ্যটা মোটেও বড় কিছু নয়। এমনিতেই ডেল স্টেইন এবং লুঙ্গি এনগিডিকে চোটের কাছে হারিয়ে বোলিংয়ে দুর্বল হয়ে আছে দক্ষিণ আফ্রিকা।