ভারতকেই জয়ী দেখছেন লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ খানেক আগেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আটে ছিল ভারত। অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার পর ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে মহেন্দ্র সিং ধোনির দলই এখন সবার ওপরে। ৮ মার্চ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ আবার ভারতের মাঠেই, ধোনির হাতেই তাই শিরোপা দেখছেন অনেকে। ব্রায়ান লারাও সে রকমই মনে করছেন।
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির যুক্তি, ‘আমার মনে হয় ভারত নিজেদের মাঠে জিতবে। ওদের খেলোয়াড়েরা পিচটা খুব ভালোভাবে চেনে। এই সংস্করণে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গেও তারা ভালো খেলছে। আমি অবশ্যই ওদের এগিয়ে রাখব।’
টেস্ট-ওয়ানডেতে যেমনই হোক, টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই সমীহ জাগানো শক্তি। ২০১২ সালে শ্রীলঙ্কার আসরে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। সর্বশেষ আসরেও খেলেছে সেমিফাইনালে। সেটি মাথায় রেখেই লারা বলছেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকেও মনে রাখতে হবে। আশা করছি, তারা সম্ভাব্য সেরা দলটাই বেছে নেবে। সেটা করলে অন্য দেশগুলোরও উদ্বেগের কারণ আছে।’ আবার একই সঙ্গে মুদ্রার উল্টো পিঠটাও মনে করিয়ে দিলেন, ‘আমি জানি, মাঝে মাঝে ওয়েস্ট ইন্ডিজ খুবই অধারাবাহিক। সেরা খেলোয়াড়দের নিয়েও আমরা প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যেতে পারি। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আগে থেকেই কিছু বলা যায় না।’ আইএএনএস।