ভারতকেই 'ঘর' বানাতে চায় পাকিস্তান

ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সাম্প্রতিক বৈঠকের পর ইঙ্গিত মিলেছিল—আবারও মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সে আশায় গুড়েবালি। দুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্তা ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয় ভারত। পিসিবি প্রধান তাই জানালেন, ভারতকেই ‘ঘর’ বানাতে চায় পাকিস্তান।
শুক্লার মন্তব্য আক্ষরিক অর্থে বিসিসিআইয়ের প্রতিধ্বনি। তাতে যারপরনাই হতাশ পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান, ‘১৯৯৯ সালে শিব সেনাদের পিচ খোঁড়ার পরও আমরা ভারতে গিয়েছিলাম। খেলার সঙ্গে রাজনীতি মেশানোয় বিশ্বাসী নয় আমরা। সঠিক চেতনায় ক্রিকেট খেলা প্রয়োজন।’ হতাশ হলেও ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান কতটা মরিয়া, বোঝা যায় পিসিবি প্রধানের এ মন্তব্যে, ‘ভারতে ঘরের মাঠ হিসেবে খেলতে চাই। আমাদের জন্য ভারত হবে সবচেয়ে ব্যয় সাশ্রয়ী।’ দীর্ঘ ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ায় বেশ কয়েকটি দেশে ঘরের মাঠ বানিয়ে খেলেছে পাকিস্তান। শাহরিয়ার অবশ্য জানিয়েছেন, বাংলাদেশ-শ্রীলঙ্কাও একই প্রস্তাব করেছে তাদের।
সম্প্রতি ভারত সফরে বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ও অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা শেষে দেশে ফিরে শাহরিয়ার জানিয়েছিলেন, ডিসেম্বরে আমিরাতে নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান সিরিজ হবে। জবাবে রাজীব শুক্লা বলেছেন, ‘দুই বোর্ডের আলোচনা হয়েছে সম্প্রতি। তবে খুব শিগগির ভারত-পাকিস্তানের সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। সিরিজ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুই-তিনটি বিষয়ে সুরাহা হওয়া প্রয়োজন। এমনিতে ভবিষ্যৎ সূচি অনুযায়ী, পাকিস্তানে গিয়ে ভারতের খেলার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। আর আমরা নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলার পক্ষপাতী নয়।’ তথ্যসূত্র: পিটিআই ও রয়টার্স।