ভারত–পাকিস্তান ম্যাচে সাফল্যের রহস্য জানালেন কপিল
ভারত-পাকিস্তান ম্যাচ; বিশ্বের যেকোনো খেলায় আর যে প্রান্তেই হোক, এ ম্যাচের আবেদনই আলাদা। আর লড়াইটা যদি হয় ক্রিকেটে, তাহলে তো কথাই নেই। পুরো বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। জিবে জল আনা ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ এখন অনেক কমে গেছে। রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের কারণে দ্বিপাক্ষিক সিরিজে এখন আর মুখোমুখি হয় না চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। এ কারণে বৈশ্বিক টুর্নামেন্টেই শুধু দেখা হয় তাদের। বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় থাকে সেই ক্ষণের। এবার দুই বছরের বেশি সময় পর সেই অপেক্ষার অবসান হচ্ছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারত-পাকিস্তান খেলতে নামছে আগামী রোববার।
এ ম্যাচ নিয়ে আরও আগে থেকেই ক্রিকেট বিশ্বে নানা আলোচনা শুরু হয়েছে। সময় যত এগিয়ে আসছে, মাতামাতি ততই বাড়ছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে নানা ধরনের ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন। এর আগে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ এ ম্যাচে ভারতকে এগিয়ে রাখার কথা বলেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অবশ্য কথা বলেছেন অন্যভাবে। যে দল চাপটা ভালো সামলে নিয়ে নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারবে, তারাই ম্যাচ জিতবে—আফ্রিদি এমন কথাই বলেছেন।
এটা সত্যিও যে ভারত-পাকিস্তান ম্যাচে সব সময়ই বাড়তি চাপ অনুভব করেন দুই দলের খেলোয়াড়েরাই। এই ম্যাচে তাই চাপ সামলানোই সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবও তেমন কথাই বলেছেন। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এবিপি টেলিভিশনকে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল বলেছেন, ‘চাপ আর চাপ, ভারত-পাকিস্তান ম্যাচের মূল বিষয় এটাই। তাই চাপ সামলানোর ওপরই সবকিছু নির্ভর করে। তাই তো ম্যাচের ফল নির্ধারণ করবে আপনি খেলাটা উপভোগ করছেন, নাকি চাপে পড়ে গেছেন, এর ওপর।’
কপিল চাপের বিষয়টি আরও ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আপনি যদি বেশি চাপ নিয়ে ফেলেন, তাহলে আশানুরূপ খেলতে পারবেন না। যারা খেলাটা উপভোগ করবে, তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।’ ভারত-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের ওপর চাপ বেড়ে যাওয়ার একটা বড় কারণ ভালো করার তীব্র ইচ্ছা। সেটা কেন, সেই ব্যাখ্যাও করেছেন কপিল, ‘ভারত-পাকিস্তান ম্যাচে ভালো কিছু করলে খেলোয়াড়দের ওপর আলোটা বেশি পড়ে। কোনো তরুণ যদি এ ম্যাচে ভালো খেলে, তাহলে বিশ্বময় পরিচিতি আর প্রশংসা পায় সে। একই সঙ্গে একজন সিনিয়র খেলোয়াড় এ ম্যাচে ভালো খেলতে না পারলে খ্যাতিতে টান পড়ে।’