ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণের পরিকল্পনা ছিল চ্যাপেলের!

প্রকাশিত হওয়ার আগেই আলোচনায় চলে এসেছে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে। এরই মধ্যে জানা গেছে এক চমকপ্রদ তথ্য—নব্বই দশকের শেষের দিকে অধিনায়ক থাকাকালীন একবার ক্রিকেট থেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন ‘লিটল জিনিয়াস’! এবার জানা গেল, আত্মজীবনীতে ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেলকে ‘স্বেচ্ছাচারী’ বলে অভিহিত করেছেন টেন্ডুলকার।
টেন্ডুলকারের আত্মজীবনী প্রকাশিত হবে ৬ নভেম্বর। তবে তার আগেই টুকরো টুকরো অংশ চলে এসেছে গণমাধ্যমে। চ্যাপেল প্রসঙ্গে আত্মজীবনীতে ভারতের ক্রিকেট কিংবদন্তি লিখেছেন, ‘তিনি এমন এক স্বেচ্ছাচারী, যিনি তাঁর ভাবনা চাপিয়ে দিতেন খেলোয়াড়দের ওপর। অথচ খেলোয়াড়েরা এতে আদৌ স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না, তা নিয়ে তাঁর কোনো মাথাব্যথাই ছিল না।’
এমনিতে ‘সিনিয়র হঠাও’ রোগটা চ্যাপেলের মধ্যে ভালোমতোই ছিল। ভারতের কোচ থাকার সময় এ নিয়ে ভারতীয় দলের মধ্যে একটা গৃহবিবাদই বাধিয়ে দিয়েছিলেন। তার আরেকটি প্রামাণ্য দলিল পাওয়া যাবে টেন্ডুলকারের আত্মজীবনীতে। লিটল জিনিয়াস লিখেছেন, ‘বিশ্বকাপের (২০০৭) কয়েক মাস আগে চ্যাপেল আমাকে দেখতে বাড়িতে এলেন। তিনি রাহুল দ্রাবিড়ের কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার প্রস্তাব দিলেন। শুনে আমি রীতিমতো আঁতকে উঠলাম। তিনি বললেন, “এতে আমরা দুজন মিলে বছরের পর বছর ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ করতে পারব।” শুনে আমার পাশে বসা অঞ্জলিও (টেন্ডুলকারের স্ত্রী) আঁতকে উঠল। তিনি এ–ও বললেন, দলের দায়িত্ব নিতে তিনি আমাকে সহায়তা করবেন। খুব অবাক হয়েছিলাম এই ভেবে, বিশ্বকাপের মতো বড় একটা টুর্নামেন্টের আগে দলের অধিনায়কের ওপর কোচের ন্যূনতম শ্রদ্ধা নেই। প্রায় ঘণ্টা দুয়েক আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি।’ খবর পিটিআই।