ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দিয়েছিলেন চ্যাপেল!

ভারতীয় ক্রিকেটকে পেছনের দিকেই হাঁটিয়েছেন গ্রেগ চ্যাপেল। সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণের মন্তব্য এটি। শচীন টেন্ডুলকারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়েতে ক্রিকেট কিংবদন্তি ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অস্ট্রেলীয় কোচ সম্পর্কে যা যা বলেছেন, তাতে লক্ষ্মণের পূর্ণ সমর্থন।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে লক্ষ্মণ জানিয়েছেন, ‘২০০৬ সালে ভারতীয় ক্রিকেট দলের সাজঘরে আমি আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বাজে পরিবেশটি দেখেছিলাম। খুবই বাজে পরিবেশ। আমার মনে হয় ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত সময়টা ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বাজে সময়। কোচের দায়িত্ব নিয়ে চ্যাপেল ভারতীয় ক্রিকেটকে পেছনের দিকেই ঠেলেছিলেন।’
শচীন টেন্ডুলকার তাঁর আত্মজীবনীতে অধিনায়কত্ব নিয়ে চ্যাপেলের ‘ষড়যন্ত্রে’র তথ্য উন্মোচন করেছেন। এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির কড়া সমালোচনা করে তাঁকে ‘রিং মাস্টার’ হিসেবেও অভিহিত করেছেন।
টেন্ডুলকারকে সমর্থন করে লক্ষ্মণ বলেন, ‘চ্যাপেল ভারতীয় ক্রিকেট দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন। তাঁর সময় ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়েরা মারাত্মক “নিরাপত্তাহীনতা”য় ভুগতেন। তিনি দলের মধ্যে একটি ‘সিনিয়র-জুনিয়র’ প্রভেদ তৈরি করেছিলেন। আমি আমার ক্যারিয়ারে ১৫-১৬ জন কোচ ও তাঁদের ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত ছিলাম, কিন্তু কখনোই এমন পরিবেশ দেখিনি।’
চ্যাপেলের সঙ্গে নিজের অভিজ্ঞতাও বর্ণনা করেছেন লক্ষ্মণ। সিদ্ধান্ত সব নাকি চাপিয়ে দিতেন চ্যাপেল। সিদ্ধান্ত না মানার অর্থ একটাই—ছেঁটে ফেলা। এ ক্ষেত্রে সিনিয়র ক্রিকেটারের অভিজ্ঞতা, অবদান, প্রয়োজন—কোনোটিই নাকি বিবেচনা করতেন না। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে রাজি না হওয়ায় তাঁকে দল থেকেও বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন লক্ষ্মণ। সূত্র: পিটিআই।