অসহ্য গরম। যেন আগুনের চুল্লি! নিউজিল্যান্ডে ফিরে গিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ শেন বন্ডের মনে হচ্ছে আইপিএলের সময় ভারতে যেন পড়ে গিয়েছিলেন আগুনের চুল্লির মধ্যে! আইপিএলের ম্যাচের সময় কলকাতায় তাপমাত্রা ছিল ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। নিউজিল্যান্ডে এখন শীতের শুরু। গরমের দেশ থেকে সরাসরি দেশে গিয়ে বন্ডের উপলব্ধি, ‘ঘরে ফেরাটা যেন আগুনের চুল্লি থেকে বরফের দেশে ফেরা।’ যেটুকু কাপড় গায়ে চাপিয়ে মোটামুটি ভদ্রস্থ থাকা যায়, আইপিএলের সময় সেটুকুই করতে পেরেছেন। দেশে ফিরে গায়ে একটু বেশি পোশাক চাপাতে পেরে আনন্দ পাচ্ছেন সাবেক কিউই পেসার, ‘গরমের পোশাক পরতে পারছি এটা খুবই মজার ব্যাপার। গত দুই মাস যা পরতে পারিনি।’ মুম্বাই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে, তাই খেলতে হবে চ্যাম্পিয়নস লিগে। বন্ড স্বস্তি পাচ্ছেন যে সেপ্টেম্বরের আগে চ্যাম্পিয়নস লিগ হচ্ছে না। না হলে তো ভারতে গিয়ে এবার পড়তে হতো ফুটন্ত কড়াইয়ে! আইএএনএস।