ভারতীয় দলে চায়নাম্যান বোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৩২ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ভারত। সেই থেকে এ পর্যন্ত ৩৩ জন বাঁহাতি স্পিনার খেলেছে তিন সংস্করণ মিলিয়ে। সবাই ছিলেন প্রথাগত বোলার। তবে শিগগিরই প্রথমবারের মতো দেখা যেতে পারে একজন চায়নাম্যান বোলারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিন ওয়ানডের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

১৯ বছর বয়সী কুলদীপ এখনো প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি, ঘরোয়া ওয়ানডেও নয়। অভিজ্ঞতা বলতে উত্তর প্রদেশ ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আটটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এ বছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সাড়া জাগিয়েছিলেন। কাল শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটেও নজর কেড়েছেন নাইট রাইডার্সের হয়ে। একাদশে জায়গার জন্য কুলদীপকে লড়তে হবে অমিত মিশ্রর সঙ্গে। চোট কাটিয়ে দলে ফিরেছেন মিশ্র। জায়গা হারিয়েছেন তাই লেগ স্পিনিং অলরাউন্ডার কর্ন শর্মা। সঙ্গে বাদ পড়েছেন স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি ও সঞ্জু স্যামসন। অনুমিতভাবেই রাখা হয়নি চোট পাওয়া রোহিত শর্মাকে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৮ অক্টোবর। ক্রিকইনফো।