ভারতীয় ক্রিকেট বোর্ডের এখন কী হবে?

সভাপতি অনুরাগ ঠাকুর আর সচিব অজয় শিরকে নির্বাসনে। ভারতের ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) এখন কী হবে? কীভাবে চলবে বোর্ড? আর কেই বা হবেন সংগঠনটির পরবর্তী প্রধান? বেশ কিছু প্রশ্ন উঠেছে। ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের ভবিষ্যতের একটি নির্দেশনাও দিয়ে দিয়েছেন। তাতেই আছে বিস্তারিত ব্যাখ্যা। এর উল্লেখযোগ্য অংশ—
* সহসভাপতিদের মধ্যে সবচেয়ে সিনিয়র জন আপাতত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করবেন। আর যুগ্ম সচিব করবেন সচিবের কাজ। এভাবেই আপাতত চলবে বোর্ড।
* দুই সপ্তাহ পর একজন বিসিসিআইয়ের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দেবে সুপ্রিম কোর্ট। এর আগপর্যন্ত বোর্ডের সব কাজ পরিচালনা করবেন দুজন সিনিয়র সহসভাপতি।
* সুপ্রিম কোর্ট ১৯ জানুয়ারি পরবর্তী শুনানিতে বোর্ডের নতুন অন্তর্বর্তী কমিটি ঠিক করে দেবে। দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই কমিটি গঠন করা হবে।
* বিসিসিআইয়ের পরবর্তী অন্তর্বর্তী সভাপতি ও সচিব খুঁজে বের করার দায়িত্ব পেয়েছেন ফালি নরিমান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী গোপাল সুব্রামনিয়ম।
* বোর্ডের অন্তর্বর্তী প্রশাসনিক কর্মকর্তাদের নাম সুপারিশ করবেন ফালি নরিমান ও গোপাল সুব্রামনিয়াম। আদালত তাদের কাছ থেকে নামগুলো আগামী ১৯ জানুয়ারি জানবেন।
* আদালত ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আর বিভিন্ন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে লোধা কমিটির সুপারিশগুলো মেনে চলতে। এটা না মানলে তাঁদেরও সরে যেতে হবে।
* বিসিসিআই আর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব কর্মকর্তাকে মুচলেকা দিতে হবে যে লোধা কমিটির সুপারিশ তারা মেনে চলবে।
* অন্তর্বর্তী কমিটির এখতিয়ার ও ক্ষমতা কতটা হবে তা এখনো পরিষ্কার নয়। তবে এই কমিটি লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়নে ভূমিকা রাখবেন; পাশাপাশি নতুন নির্বাচিত কমিটির কাছেও ক্ষমতা হস্তান্তর করবেন।
আরও পড়ুন: