ভারতীয় ক্রিকেট ৫ বছর পিছিয়ে দিয়েছিলেন গ্রেগ!

তাঁর পুরো ক্যারিয়ারে কখনো কাউকে আঘাত করে কিছু বলেছেন, এমনটা শোনা যায়নি। বরং একটা সময়ে অনেকে ‘অভিযোগে’র সুরে বলতেন, ‘শচীন টেন্ডুলকার এত হিসেব করে কেন কথা বলেন?’ কিন্তু এই ‘কূটনৈতিকভাবে শুদ্ধ’ টেন্ডুলকারই প্রয়োজনে বেশ কঠোর হয়ে উঠতে পারেন। ইয়ান চ্যাপেল এর ‘সাক্ষী’। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে নাকি টেন্ডুলকার মুখের ওপর বলে দিয়েছেন, তাঁর ভাইয়ের কারণেই ৫ বছর পিছিয়ে গেছে ভারতীয় ক্রিকেট!
ঘটনাটি পাঁচ বছর আগের। এত দিন পর হঠাৎ আলোচনায় আসছে দিল্লিতে আয়োজিত টাইমস লিট ফেস্টের কারণেই। সেখান গতকাল ‘আননোন শচীন’স টেপস’—শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। সেই ভিডিওচিত্রে ছিল টেন্ডুলকারের কিছু ‘অচেনা’ ভিডিওচিত্র। কিছু ভিডিওর বর্ণনা ছিল টেন্ডুলকারের নিজের কণ্ঠে, আর কিছুতে তাঁর আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’র সহ-লেখক বোরিয়া মজুমদারের। সেখানেই একটি ভিডিওতে উঠে এসেছে, কীভাবে চ্যাপেলদের দুই ভাইকে কড়া জবাব দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। অবশ্য ঘটনাটির বর্ণনা তাঁর আত্মজীবনীতেও আছে।
২০১০ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টের আগে টেন্ডুলকার যে জিম ব্যবহার করছিলেন, সেখানে আসেন ইয়ান চ্যাপেল। ঢুকেই টেন্ডুলকারকে বললেন, ‘আচ্ছা, তাহলে এটাই তোমার সাফল্যের রহস্য!’ অথচ এর বছর তিনেক আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ার পর এই ইয়ান চ্যাপেলই নিজের লেখা এক কলামে টেন্ডুলকারকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘নিজের আয়নার দিকে তাকাও, তুমি এখন তোমার অতীতের ছায়া হয়ে আছ।’
ডারবানে সেদিন বড় চ্যাপেলকে ছেড়ে কথা বলেননি টেন্ডুলকার। মুখের ওপরই বলে দেন, ‘তোমরা কত সহজেই না সুর বদলে ফেলো!’ আর ক্যারিবিয়ানে বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বললেন, ‘তোমার ভাই-ই (গ্রেগ চ্যাপেল) তো সব সমস্যা সৃষ্টি করেছিল। তাঁর কারণে ভারতীয় ক্রিকেট অন্তত ৫ বছর পিছিয়ে গেছে।’
চ্যাপেল ভাতৃত্রয়ের দ্বিতীয়জন গ্রেগ ২০০৫ সালে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দলের ভরাডুবির পর দায়িত্ব ছেড়ে দেন। ১৯৯২ সালের পর সেবারই প্রথম বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়েছিল ভারত। এছাড়াও তখনকার অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিবাদ, কিংবা টেন্ডুলকারসহ দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষণ, কৌশল, মানব-ব্যবস্থাপনা বিষয়ে বনিবনা না হওয়া—সব মিলিয়ে তাঁর দুই বছরের ওই সময়টাকে ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ‘কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করেন। টেন্ডুলকারের কথাতেও ফুটে উঠেছে সেই কালো অধ্যায়ের ব্যাপারটিই।
কাল দিল্লিতে প্রকাশিত ওই ভিডিও চিত্রে উঠে এসেছে টেন্ডুলকারের আরও অনেক দিকই। অবসর নেওয়ার দিনে বিরাট কোহলির সঙ্গে তাঁর হৃদয় ছুঁয়ে যাওয়া কথোপকথন, কিংবা ক্যারিয়ার জুড়ে যন্ত্রণা দিয়ে যাওয়া টেনিস এলবোর চোট নিয়ে তাঁর কষ্টের কথা—আসলেই ‘অচেনা’ ‘আবেগপ্রবণ’ এক টেন্ডুলকারের পরিচয় পাওয়া গেছে ওই ভিডিওচিত্রে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।