ভারতীয় ক্রিকেটারদের ফেসবুক পোস্টে ক্ষুব্ধ বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুরে বেড়ানোর এ ধরনের ছবি দিলে ক্ষতি নেই। তবে আপত্তিকর কোনো ছবির ব্যাপারে বিসিসিআইয়ের সতর্কতা শুনলেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: ফেসবুক
ঘুরে বেড়ানোর এ ধরনের ছবি দিলে ক্ষতি নেই। তবে আপত্তিকর কোনো ছবির ব্যাপারে বিসিসিআইয়ের সতর্কতা শুনলেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: ফেসবুক

ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের একটি ফেসবুক পোস্ট নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সমুদ্রসৈকতে হাতে বিয়ারের গ্লাস নিয়ে কয়েকজন ভারতীয় ক্রিকেটারের তোলা ছবি নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা হতেই দলের কাছে কড়া বার্তা বোর্ডের। সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কিছু তোলা যাবে না, যা ভারতীয় সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির পরিপন্থী। 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে ক্যারিবীয় সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে মাঠের বাইরের সময়টাও দারুণ কাটছে ভারতীয় ক্রিকেটারদের। অনেকেই বিভিন্ন ছবি পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদবের একটি ছবি সমালোচনার ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে, রাহুলের হাতে একটি বিয়ারের বোতল। তাঁর সঙ্গে আছেন বিনি, যাদব ও ভারতীয় ক্রিকেট দলের একজন স্টাফ। বিসিসিআই এই ছবিটির সমালোচনা করে বলেছে, ভারতীয় ক্রিকেটারদের মনে রাখা উচিত, দেশের অসংখ্য শিশু ক্রিকেটারদের অনুসরণ ও অনুকরণ করে। এ ধরনের ছবি তাদের জন্য বাজে একটা উদাহরণ।

বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজে কড়া বার্তা পাঠিয়ে বলেছে, ভবিষ্যতে ক্রিকেটাররা যেন ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ইত্যাদি তুলতে সতর্কতা অবলম্বন করেন। ভারতীয় ক্রিকেটভক্তদের বয়স ও স্পর্শকাতরতা মাথায় রেখে সে অনুযায়ী যেন তাঁরা নিজেদের প্রকাশ করেন। সূত্র: দ্য হিন্দু।