ভারতীয় ক্রিকেটের প্রতি রাগ ঝাড়লেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ
ভারতের সাবেক প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ

নির্বাচকের কাজটা এমনিতেই কঠিন। ভারতীয় ক্রিকেটে কাজটা একটু বেশিই কঠিন। ২০১৬ সাল থেকে এমএসকে প্রসাদকে এই কঠিন দায়িত্ব পালন করতে হয়েছে। ২০১৯ সালের শেষ দিকে তিনি প্রধান নির্বাচকদের দায়িত্ব ছাড়েন। দায়িত্বে থাকার সময় ভারতীয় ক্রিকেটে 'বীরপূজার সংস্কৃতি' বেশ ভুগিয়েছে প্রসাদকে।

প্রসাদ ভারতের হয়ে ৬টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলেছিলেন।ক্যারিয়ার সমৃদ্ধ না হওয়ার পরও প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া নিয়ে প্রসাদকে প্রায়ই খোঁচা শুনতে হতো। সম্প্রতি হতাশ হয়েই ভারতীয় ক্রিকেটের কালো দিক নিয়ে মুখ খুলেছেন প্রসাদ।

'ফ্যানকোড'কে প্রসাদ বলেন, 'আমাদের সংস্কৃতি বীরদের পূজা করার সংস্কৃতি। যে বেশি ক্রিকেট খেলেছে, সবাই মনে করে তিনি সব কিছু জানেন। তিনি হয়তো সব কিছু নাও জানতে পারেন। সব পদেরই বিশেষ কিছু ব্যাপার থাকে। নির্বাচক কমিটি অনেকটা ব্যবস্থাপনা দক্ষতার ওপর নির্ভরশীল। উদাহরণ দেই, অনেকে কিন্তু ১০০-১২০ টেস্ট খেলেও নির্বাচক হিসেবে বাজে ভাবে ব্যর্থ হয়েছে। এর মানে কী, যে বেশি ক্রিকেট খেলেছে সে ক্রিকেটের সব জানবে? অবশ্যই না।'

৪৫ বছর বয়সী প্রসাদকে তাঁর সময়ে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর মহেন্দ্র সিং ধোনি বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে চেয়েছিলেন। তখন বাধ্য হয়েই ধোনির জায়গায় ঋষভ পন্তকে সুযোগ দিতে হয়েছে নির্বাচকদের, 'ধোনি পরিস্কার করে জানিয়ে দিয়েছে, সে কিছুদিন খেলা থেকে দূরে থাকতে চায়। তাই আমরা পন্তকে সুযোগ দিয়েছিলাম তাঁর জায়গায়।'

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেও টেস্ট দলে জায়গা পাননি করুণ নায়ার। নায়ারকে যথেষ্ট সুযোগ না দেওয়ার আক্ষেপ করেছেন সাবেক এই নির্বাচক, '৩০০ করেও দলে সুযোগ না পাওয়ার ঘটনা বিশ্ব ক্রিকেটে বিরল। তাঁকে আরও সুযোগ দিতে পারিনি। ওর জন্যও হৃদয়বিদারক ছিল, আমাদের জন্যও।'

২০১৯ বিশ্বকাপ দল থেকে অম্বতি রাইড়ুকে দল থেকে বাদ দেওয়ার আফসোস এখনো কাজ করে প্রসাদের মনে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ম্যাচ জেতানো পারফরম্যান্স ছিল রাইড়ুর। তবু বিশ্বকাপের টিকেট মিলেনি তাঁর।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের পর বড় বাঁক বদল আসে ভারতীয় ক্রিকেটে। রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজাকে সাদা বলের ক্রিকেট থেকে বাদ দিয়ে কুলদ্বীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে সুযোগ দেয় প্রসাদের নির্বাচন কমিটি। সাহসী সিদ্ধান্ত কাজেও লাগে। পরের দুই বছর দুই স্পিনার ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। তবু প্রসাদের জন্য টেস্টের শীর্ষ দুই বোলারকে হুট করেই সাদা বলের ক্রিকেট থেকে বাদ দেওয়া সহজ ছিল না।