ভারতীয় দলে ডাক পেয়ে বেঙ্গালুরুকে ধন্যবাদ কার্তিকের

ভারত দলে ফিরে খুশি কার্তিকছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালের সে ইনিংসের পর কেউ মনে হয় না ভেবেছিলেন, দিনেশ কার্তিকের মতো একজনের ভারতীয় দল থেকে বাদ পড়ার আশঙ্কা আছে। কিন্তু এক বছর পর সেই যে দল থেকে ছিটকে পড়লেন, আর ফেরাই হচ্ছিল না তাঁর। ঋষভ পন্তের মতো একজনের উত্থানই যথেষ্ট ছিল। সে সঙ্গে ইষান কিশান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসনের মতো দুর্দান্ত সব ব্যাটসম্যান যখন উইকেটকিপার গ্লাভস হাতে স্বচ্ছন্দ, তাতে ভারতীয় দলে ফেরা কঠিন। কদিন পরই ৩৭ পূর্ণ করতে যাওয়া এক ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা বন্ধ বলে ধরে নেওয়াটাই নিরাপদ।

সেই দিনেশ কার্তিক আবার ডাক পেয়েছেন দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়ে নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধন্যবাদ দিয়েছেন কার্তিক।

গত আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। শুধু ছিলেন বললে ভুল হবে, অধিনায়কের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। মাঝপথে অধিনায়কত্ব হারালেন। আইপিএল শেষ হতে হতে দলেও জায়গা হারালেন। মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল কলকাতা।

প্রায়ই শেষ দিকে ঝড় তুলে দলকে জিতিয়েছেন কার্তিক
ছবি: আইপিএল

নিলামে তাঁকে নিয়েছে বেঙ্গালুরু। সিদ্ধান্তটা যে ভুল ছিল না, সেটা প্রমাণ করে দিয়েছেন। ৯ ইনিংসে ব্যাট করতে পেরেছেন, তাতে ২৮৭ রান। গড়টা ঈর্ষণীয়—৫৭. ৪। আর স্ট্রাইকরেট? প্রায় অচিন্তনীয়—১৯১. ৩৩। অথচ আইপিএল ক্যারিয়ারে কার্তিকের স্ট্রাইকরেট এত দিন ১৩০-এর বৃত্তেই ঘুরপাক খেত। এমন ফর্ম তাই নির্বাচকদের বাধ্য করেছে তাঁকে দলে ফেরাতে।

মোস্তাফিজের এক ওভারে ২৮ রান নিয়েছেন কার্তিক
ছবি: আইপিএল

জাতীয় দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত কার্তিক, ‘আমি খুব খুশি। আমি সন্তুষ্ট। এটা আমার বিশেষ প্রত্যাবর্তন। কারণ অনেকেই আমার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিল। আমার জন্য যেভাবে ফিরলাম, যেভাবে অনুশীলন করেছি আমি, আমি যেভাবে নিজেকে গুটিয়ে ফেলেছিলাম, সেটা কাটিয়ে অনুশীলনে ফিরতে অনেক বিশেষ কিছু ঘটতে হয়েছে।’

শুধু নিজের চেষ্টায় যে এত দূর আসেননি, সেটাও মেনে নিয়েছেন কার্তিক। বেঙ্গালুরু তাঁকে ফিনিশার ভূমিকা না দিলে তো আর এভাবে তাঁকে দলে ফেরাতে জনমত গড়ে উঠত না, ‘আমি যে কাজটা করতে চাই, সে ব্যাপারে আমাকে যে পরিষ্কার নির্দেশনা দিয়েছে, নানাভাবেই আমি সেই বেঙ্গালুরুর প্রতি কৃতজ্ঞ। আমাকে দলে নিয়েছে, এই ভূমিকা দিয়েছে, আমার ওপর বিশ্বাস রেখেছে এবং এরপর আমি দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তাই খুব আনন্দের অনুভূতি এটি।’