ভারতীয় দলের সর্বেসর্বা হচ্ছেন সৌরভই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় দলের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন সৌরভ গাঙ্গুলিই। ফাইল ছবি
ভারতীয় দলের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন সৌরভ গাঙ্গুলিই। ফাইল ছবি

আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হওয়ার কথা সবকিছুরই। ভারতীয় ক্রিকেট দলের সর্বময় কর্তৃত্ব উঠতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির হাতেই। পদটা হতে পারে ক্রিকেট পরিচালকের, হতে পারে জাতীয় দলের কোচেরও। পদ যা-ই হোক ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারতীয় দলের সর্বেসর্বা হতে যাচ্ছেন সাবেক এই বাঙালি অধিনায়ক। সে ক্ষেত্রে নিজের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে আরেক সাবেক অধিনায়ক রবি শাস্ত্রীকে। খবরে প্রকাশ, পরিচালক হন কিংবা কোচ আগামী মাসে ভারতীয় দল নিয়ে বাংলাদেশে আসছেন সৌরভই।
জগমোহন ডালমিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হওয়ার পর থেকে সব জায়গাতেই পরিবর্তন আসছে। ডালমিয়ার খুব কাছের লোক হিসেবে নন, যোগ্যতায়, অভিজ্ঞতায় এই মুহূর্তে ভারতীয় বোর্ড পরিচালকদের সর্বসম্মত পছন্দ সৌরভ গাঙ্গুলিই। সাবেক এই সফল অধিনায়ক অবশ্য চান দীর্ঘ মেয়াদে দলের দায়িত্ব। যেন ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের উপযোগী তরে তিনি দলকে গড়ে তুলতে পারেন। দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হবে কিনা, এ নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও সৌরভের পদটি যে ভারতীয় ক্রিকেট দলের সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই কারোরই।
‘শ্রীনির লোক’ হিসেবে পরিচিত রবি শাস্ত্রীর হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হলেও তাঁকে বিবেচনা করা হচ্ছে বিশেষ একটি জায়গায়। তাঁর নেতৃত্বে করা হতে পারে একটি উপদেষ্টা কমিটি। শ্রীনিবাসনের লোক হলেও তাঁর অভিজ্ঞতার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের পরিচালক হিসেবে তাঁর কাজের মূল্যায়ন করেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় বোর্ড। তবে তাঁর অধীনে ওই উপদেষ্টা কমিটিতে কারা থাকবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই কমিটিতে থাকার ব্যাপারে সৌরভ আগে থেকেই রাজি ছিলেন। কিন্তু তিনি পরিচালক বা কোচ হলে তাঁর জায়গায় অন্য কাউকে ভাবা হবে। আপাতত রবি শাস্ত্রীর অধীনে উপদেষ্টা কমিটিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে শচীন টেন্ডুলকারকে। তিনি আইপিএলের পর চূড়ান্ত মত দেবেন। রাহুল দ্রাবিড়কেও ভাবা হচ্ছে একটি জায়গায়। তবে তিনিও নাকি আইপিএল শেষ হওয়ার পর ভেবে-টেবে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর শতভাগ নিশ্চিত হলে ক্রিকেট জীবনের আরও একটি দারুণ অধ্যায় সৌরভ শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের মাটি থেকে। ২০০০ সালে তাঁর টেস্ট নেতৃত্বের শুরুটাও হয়েছিল বাংলাদেশের মাটিতেই।