ভারতীয় দলের 'প্রধান' রবি শাস্ত্রী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী

এটাকে আসলে কী বলা যায়? পরিবর্তন, নাকি পরিবর্তনের প্রস্তুতি? ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভরাডুবির পর কোপ আসত অনেকের ওপরই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপাতত ব্যাপারটিতে ‘ধীরে চলো’ নীতিই অনুসরণ করে ভবিষ্যত্ পরিবর্তনের আগে একটু এদিক-ওদিক বাজিয়ে দেখার সিদ্ধান্তই গ্রহণ করেছে। তবে পরিবর্তন কিছুটা তো এসেছেই। পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট দলের পদ-পদবির স্তরবিন্যাসে। কোচ ডানকান ফ্লেচার থাকছেন, তবে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের জন্য দলের ‘ক্রিকেট পরিচালক’-এর দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর হাতে। ওয়ানডে সিরিজে কোচ ফ্লেচারের ওপরে থেকে তিনি পুরো দলের ‘প্রধান ব্যক্তি’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রবি শাস্ত্রীর এই নিয়োগের কথা জানিয়েছে। এ ব্যাপারে বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেলের বক্তব্য কিন্তু যথেষ্ট কৌতূহল-জাগানিয়া, ‘ভারতীয় দল এখন রবি শাস্ত্রীর হাতে। দলটা এখন তাঁর নিজের “শিশু”র মতোই। উনি এখন একে অভিভাবক হিসেবেই দেখভাল করবেন।’ কোচ ফ্লেচার থাকতে দল দেখভাল করবেন শাস্ত্রী। তবে কি এটা কোচকে সরিয়ে দেওয়ারই পূর্ব-প্রস্তুতি?
বিসিসিআইয়ের নতুন উদ্যোগে কোচিং স্টাফে পরিবর্তন আনার ইঙ্গিতটা খুব স্পষ্ট। ক্রমাগত ব্যর্থতার পর ওয়ানডে সিরিজে দলের বোলিং ও ফিল্ডিং কোচকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ওয়ানডে সিরিজের সময় ভারতীয় দলের অস্ট্রেলীয় বোলিং কোচ জো ডাওয়েস ও জিম্বাবুইয়ান ফিল্ডিং কোচ ট্রেভর পেনি ছুটিতে থাকবেন। তাঁদের জায়গায় সাবেক ভারতীয় টেস্ট অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার, ফাস্ট বোলার ভরত অরুণকে সহকারী কোচ হিসেবে কাজ করতে বলা হয়েছে। সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার রামকৃষ্ণান শ্রীধরকে দায়িত্ব দেওয়া হয়েছে ফিল্ডিং কোচ হিসেবে।
সঞ্জয় বাঙ্গারকে সহকারী কোচ হিসেবে কাজ করতে বলার মধ্যে অনেকেই ‘অন্য কিছু’ গন্ধ পাচ্ছেন। ফ্লেচারের সঙ্গে যেহেতু ২০১৫ পর্যন্ত চুক্তি আছে, তাই আর্থিক ক্ষতি স্বীকার করে তাঁকে বরখাস্ত করার কোনো যুক্তি দেখেনি বিসিসিআই; বরং এর ফাঁকে সঞ্জয় বাঙ্গারকে তৈরি করে নেওয়ার একটা উদ্যোগও কাজ করছে। ভারতের হয়ে ১৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট খেলা এই অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে কোচ হিসেবে যথেষ্ট সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বেশ কয়েক বছর ধরেই তিনি আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্জাইজির কোচিং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আইপিএলে তো তিনি কিংস ইলেভেন পাঞ্জাবকে কোচ হিসেবে তুলেছেন ফাইনালে। অনেকেই তাঁকে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যতের কোচ হিসেবে ভাবতে পছন্দ করেন। সূত্র: ক্রিকইনফো।