ভারতীয় বোলাররা নখদন্তহীন, বললেন গাভাস্কার

ভারত দলের পিছুই ছাড়ছেন না সুনীল গাভাস্কার। একের পর এক কথার চাবুক হাঁকিয়েই চলেছেন। কিছুদিন আগেই ভারতীয় দলকে পরামর্শ দিয়েছিলেন গালভরা বুলি কম আওড়ে সত্যিকারের ক্রিকেট রপ্ত করতে। এবার দলের বোলারদের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। এই দলে নাকি পাঁচ উইকেট পাওয়ার মতো বোলারই নেই!
টেস্ট দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিরাট কোহলি বিপক্ষের ২০ উইকেট পাওয়ার দিকে জোর দিয়েছেন। এ উদ্দেশ্যে দলে পাঁচ বোলারও খেলাচ্ছে ভারত। কিন্তু গাভাস্কারের ধারণা, পাঁচ বোলারেও কাজ হবে না। কারণ ভারতীয় দলে মানসম্পন্ন বোলারেরই অভাব। বিশেষ করে স্টুয়ার্ট বিনির মতো বোলারকে দলে নেওয়ায় বিরক্ত গাভাস্কার। বিনিকে টেস্ট বোলার মানতেই রাজি নন গাভাস্কার। তাঁর মতে, এই টেস্টে ভারত সোয়া চারজন বোলার নিয়ে মাঠে নেমেছে!
গাভাস্কার বলেছেন, ‘ভারতের তো পাঁচ উইকেট নেওয়ার মতো বোলারই নেই। নিজেদের ভালো দিনে ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন হয়তো পাঁচ উইকেট নিতে পারে, ব্যস এই দুজনই।’
গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজ দলের কথাই মনে করিয়ে দিলেন। আশি ও নব্বই দশকে বিশ্ব শাসন করে বেড়ানো ক্যারিবীয় দলটি রাজ্যপাট হারিয়েছে কেবল মাত্র উইকেট নেওয়ার মতো বোলারের অভাবে। ওয়েস্ট ইন্ডিজ দল হঠাৎ করে ইনিংসে পাঁচ উইকেট নিতে পারে এমন বোলারের সংকটে পড়ে গিয়েছিল। শুধু এ কারণে টেস্ট ক্রিকেটের রাজত্ব হারিয়ে এখন ক্ষীণশক্তির দলে পরিণত হয়েছে তারা।
বিদেশের মাটিতে টানা ব্যর্থতার পেছনেও একজন নির্ভরযোগ্য বোলারের অভাবই বোধ করছে ভারতীয় দল। উপমহাদেশের বাইরে স্পিনার অশ্বিনও ইনিংসে কখনো পাঁচ উইকেট পাননি। নির্ভরযোগ্য কোনো পেস বোলারও খুঁজে পাচ্ছে না ভারত। গাভাস্কার দলের ভারসাম্যের প্রয়োজনে মানসম্মত বোলারের অভাব বোধ করছেন, ‘দলে উমেশ যাদব ও অমিত মিশ্রের মতো ভালো বোলার আছে। ওরাও বেশ কিছু উইকেট নিতে পারে। কিন্তু ভারতের একজন অলরাউন্ডার দরকার যে ছয়ে নেমে ব্যাট করতে জানে আবার বল হাতেও দারুণ।’
ভারতীয় দল এখন গাভাস্কারের সমালোচনার জবাব দিতে পারবে কিনা সেটি দেখার বিষয়। আজকে ৫৩ ওভার বোলিং করে মাত্র ৩ উইকেট নিতে পেরেছে। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা তুলেছে ১৪০। ২৫৩ রানে পিছিয়ে আছে তারা, হাতে ৭ উইকেট। সর্বোচ্চ ৫১ করেছেন কৌশল সিলভা। ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ খেলতে নামা কুমার সাঙ্গাকারা ৩২ রান করে আউট হয়েছেন। এর আগে ভারত ৩৯৩ রান করে প্রথম ইনিংসে অলআউট হয়। সূত্র: এনডিটিভি।