ভারতীয় বোলাররা যেভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুমরাদের পরামর্শ দিচ্ছেন ভারতের বোলিং কোচ ভরত অরুণ। ফাইল ছবি
বুমরাদের পরামর্শ দিচ্ছেন ভারতের বোলিং কোচ ভরত অরুণ। ফাইল ছবি
>যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব বা মোহাম্মদ শামি—সবার বোলিংয়ের অন্যতম প্রধান শক্তি গতি। তাঁরা ঘন্টায় ১৪০ কিলোমিটারের ওপর বল করে অভ্যস্ত। এ অভ্যাস তাঁরা কীভাবে গড়ে তুলেছেন?

ভারত ভালো পেসার একেবারে কম পায়নি। সেই মোহাম্মদ নিসার থেকে শুরু করে কপিল দেব, চেতন শর্মা, জাভাগাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, অজিত আগারকার, জহির খান, আশিস নেহরারা ভারতীয় পেস বিভাগের দায়িত্ব পালন করেছেন বছরের পর বছর।

মাঝে মাঝে দ্রুতগতির বল করার সামর্থ্য থাকলেও এদের মধ্যে কেউ নিয়মিত দ্রুতগতিতে বল করতে পারেন, এটা হয়তো পাঁড় ভারতীয় সমর্থকও বলবেন না। গতির দিক দিয়ে শোয়েব আখতার, ব্রেট লি, জেফ টমসন, ডেনিস লিলি, জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল কিংবা মাইকেল হোল্ডিং-কার্টলি অ্যামব্রোসের সারিতে রাখবেন না এদের কাউকে।

কিন্তু এখনকার প্রেক্ষাপট আলাদা। দ্রুততগিত পেস ইউনিটের দিক দিয়ে ভারত এখন ওপরের দিকেই থাকবে। যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, উমেশ যাদব কিংবা ভুবনেশ্বর কুমাররা নিয়মিত দ্রুতগতির বল করে অভ্যস্ত। গতির চোটে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দেন সব সময়। প্রত্যেকেই ওভারের পর ওভার ঘন্টায় ১৪০ কিলোমিটার বা তাঁর চেয়ে বেশি গতিতে বল করতে অভ্যস্ত।

কিন্তু এই পার্থক্যটা এল কীভাবে? গতির দিক দিয়ে কীভাবে ভারতীয় পেসাররা বাকী সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নেরই জবাব দিয়েছেন ভারতের বোলিং কোচ ভরত অরুণ।

অরুণের মতে, কোচিং স্টাফরা নিয়মিত জিপিএস ট্র্যাকার দিয়ে পেসারদের মুভমেন্ট পর্যবেক্ষণ করেন ম্যাচের মধ্যে। কে বেশি দৌড়ালো, কে কম, কার বেশি খাটনি হল সেটা বুঝতে পারেন। ফলে অনুশীলনের সময় সেই অনুযায়ী তাঁদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কর্মপরিকল্পনা করা হয়। খেয়াল রাখা হয়, কারোর ওপর বাড়তি চাপ যেন না পড়ে, 'আমরা দেখি, একটা বোলার কয় ওভার বল করল। আবার অনেকে কম ওভার বল করলেও নিজের শেষবিন্দু পর্যন্ত নিংড়ে দেয়। সেটাও আমরা লক্ষ্য রাখি জিপিএস ট্র্যাকার বা মনিটরের মাধ্যমে। একজন বোলার ম্যাচে কতটুকু খাটল, মাঠের মধ্যে কীভাবে মুভমেন্ট করল, সেগুলো বোঝা যায় এর মাধ্যমে। ধরুন, একটা বোলার মাঠে ২০ কিলোমিটার দৌড়ালো। ট্র্যাকারের মাধ্যমে আমরা তথ্য-উপাত্ত পাই সে বোলার সম্পর্কে। যা দেখে আমরা পরে ঠিক করি সেই বোলারের ওপর অনুশীলনে কতটুকু চাপ প্রয়োগ করা হবে। আসলে, আপনাকে সঠিক ব্যালান্স খুঁজে বের করতে হবে। তাহলে প্রত্যেক বোলারের কাছ থেকে সর্বোচ্চটুকু পেতে পারবেন। এই কারণেই আমাদের বোলাররা নিয়মিত ঘন্টায় ১৪০ কিলোমিটারের ওপর বল করতে পারেন।'