ভারতীয় ষড়যন্ত্রে নিষিদ্ধ নারাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপটা পড়ল এমন সময়ে, যখন দুয়ারে কড়া নাড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ষড়যন্ত্র-তত্ত্বটাও তাই খুব সহজেই বিশ্বাসযোগ্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্তাদের বিশ্বাস, আসছে সিরিজে চাপে রাখতেই চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ করা হয়েছে সুনীল নারাইনকে।
গত পরশু চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে হোবার্ট হারিকেনসকে হারানো ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হারিয়েছে তাদের সেরা বোলারকে। ওই ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে নারাইনের বোলিং অ্যাকশন। এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচে ডলফিনসের বিপক্ষেও প্রশ্নবিদ্ধ হয়েছিল নারাইনের অ্যাকশন। চ্যাম্পিয়নস লিগের নিয়ম অনুযায়ী প্রথমবার প্রশ্নবিদ্ধ হলে সেই বোলারের নাম উঠে যায় সতর্ক তালিকায়। এ তালিকায় থাকা কোনো বোলার আবারও প্রশ্নবিদ্ধ হলে নিষিদ্ধ করা হয় বাকি টুর্নামেন্টে। নিষিদ্ধ নারাইনকে ছাড়াই তাই আজ চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামতে হবে কলকাতাকে। প্রথম ম্যাচে নারাইনের জোরের ওপর করা চারটি ডেলিভারি ছিল প্রশ্নবিদ্ধ। পরশু ম্যাচ শেষে ভিডিও ফুটেজ দেখে নারাইনের পুরো ৪ ওভার নিয়ে সংশয় জানিয়েছেন মাঠের দুই আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার ও ভারতের সুন্দরম রবি।
চ্যাম্পিয়নস লিগের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাধা নেই। ৮ অক্টোবর শুরু হতে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারবেন নারাইন। তবে পরপর দুই ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার একটা মানসিক ধাক্কা তো থাকবেই। চাপে নিজের সহজাত বোলিং হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়। আর আসছে সিরিজে ভারতের ব্যাটিং লাইনআপের কঠিন পরীক্ষা নেওয়ার সামর্থ্য আছে এই নারাইনেরই। সব মিলিয়ে বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক কর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘ভারতের কন্ডিশনে নারাইনের যেমন সাফল্য, তাতে ভারতের সবচেয়ে বড় হুমকি হওয়ার কথা তারই। ও এমন একজন বোলার, যাকে নিশ্চিতভাবেই এড়াতে চাইবে ভারত।’
চ্যাম্পিয়নস লিগের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা না থাকলেও নারাইনের সমস্যা শেষ হচ্ছে না। এই নিষেধাজ্ঞায় ভারতীয় বোর্ড আয়োজিত টুর্নামেন্টে খেলতে পারবেন না এই রহস্যস্পিনার। সে ক্ষেত্রে আসন্ন আইপিএল খেলতে হলেও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে নারাইনকে। সম্ভবত সদ্য অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবেই হবে নারাইনের পরীক্ষা। হিন্দুস্তান টাইমস।