ভারতে অন্য নাসির

সাত নম্বরে নেমে কি আর বড় ইনিংস খেলা সম্ভব! নাসির হোসেনের কণ্ঠে আক্ষেপটা প্রায়ই শোনা যায়। হয়তো ৩০-৪০ রানের ঝোড়ো একটা ইনিংস খেলে এলেন। ম্যাচ শেষে অবধারিত প্রসঙ্গ, ইনিংসগুলোকে তো বড় করা যাচ্ছে না...। নাসির তখনই ওই ব্যাখ্যা দেন।
ভারতে ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে হলো ব্যতিক্রম। সাত নম্বরেই নেমে তিন ম্যাচে করলেন ১৭৬ রান। এর মধ্যে আবার একটা সেঞ্চুরি আর একটা ফিফটি! পরশু রাতে মুঠোফোনের কথোপকথনে প্রসঙ্গটা তুলতেই নাসির বোঝাতে চাইলেন, ‘জাতীয় দলে সাত নম্বরে নামলেও ওখানে ব্যাটিংয়ে নেমে হয়তো ৫-৭ ওভার হাতে পাই। আর এখানে তিন ম্যাচেই ২০ ওভারের আগে ব্যাটিংয়ে নেমেছি। রান করার জন্য তাই পর্যাপ্ত ওভারও পেয়েছি।’
নাসির ধন্যবাদ দিতে পারেন ‘এ’ দল সতীর্থদেরও। ২০ ওভারের মধ্যে ব্যাটিংয়ে নামলেও তিনি উইকেটে এসেছেন ৫ উইকেট পড়ে যাওয়ার পর। অনেক ওভার হাতে থাকলেও সঙ্গীর অভাবে ওই পরিস্থিতিতে বড় ইনিংস খেলতে পারা কঠিন। ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় এক দিনের ম্যাচে লিটন দাস, আরাফাত সানিদের সঙ্গ পেয়েই সেই কঠিন কাজটা করে দেখিয়েছেন নাসির। ৮২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলা সহজ নয়।
দল শেষ পর্যন্ত সিরিজ হারলেও ভারত সফরের এই পারফরম্যান্স নাসিরের আত্মবিশ্বাসে ঢালছে সঞ্জীবনী, ‘ম্যাচের চেয়ে বড় অনুশীলন আসলে কিছুই নয়। এখানকার পারফরম্যান্স, অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস আরও বাড়াবে।’ ১৭৬ রানের সঙ্গে তিন ম্যাচে ৮ উইকেট নাসিরকে দিয়েছে ম্যান অব দ্য সিরিজের স্বীকৃতিও। তবে সিরিজ হারের হতাশায় ঢাকা পড়ে গেছে সে আনন্দ, ‘আমাদের লক্ষ্য ছিল সিরিজ জয়। বিশ্বাস ছিল ভালো ক্রিকেট খেললে আমরা তা পারব। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ হেরে গেছি। আমি নিজে হয়তো কিছুটা সফল, তবে দল হেরে গেলে ব্যক্তিগত সাফল্য নিয়ে খুব বেশি তৃপ্ত হওয়া যায় না।’
আগামী বছর ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। তার আগে এবারের সফরেই বাংলাদেশ ‘এ’ দল ভারতের মাটিতে প্রথমবারের মতো ভারত ‘এ’ দলের মুখোমুখি হলো। দলে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজজয়ী দলের অনেক ক্রিকেটার থাকায় ভারতীয় সমর্থকদের কিছুটা হলেও মনোযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’। নাসিরের বর্ণনা, ‘গ্যালারিতে দর্শক খুব বেশি না হলেও কেউ কেউ দেখি আমাদের নাম জানে! নাম ধরে ডাকে! এ ছাড়া রাস্তায় বের হলে বা কোথাও গেলেও দেখা যাচ্ছে অনেকে আমাদের চিনতে পারছে।’
ভারত সফরে এখনো দুটি তিন দিনের ম্যাচ বাকি ‘এ’ দলের। তবে ৫০ ওভারের ম্যাচের সিরিজে পাওয়া একটি জয় আর নাসিরের পারফরম্যান্সের সঙ্গে প্রাপ্তির খাতায় যোগ হয়ে গেছে ভারতীয় দর্শকদের আগ্রহটাও।