ভারতে আসার অনুমতি পেল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পাকিস্তান কি ভারতে যাবে? সংশয় একটা ছিলই। সরকারের কাছ থেকে যে অনাপত্তিপত্র পাচ্ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কাল শেষ পর্যন্ত পাওয়া গেল অনাপত্তিপত্র। যার অর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা রইল। পিসিবি সভাপতি শাহরিয়ার খান কাল জানিয়েছেন, ভারত সরকারের কাছ থেকে বাড়তি নিরাপত্তা পাওয়ার আশ্বাস পাওয়ার পরই অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।
শাহরিয়ারই কদিন আগে বলেছিলেন, ভারতের মাটিতে নিরাপত্তাঝুঁকি আছে পাকিস্তান দলের। কিছুদিন আগেই মুম্বাই ও পুনেতে বাতিল করতে হয়েছে পাকিস্তানি গজলশিল্পী গুলাম আলীর কনসার্ট। গত বছর ভারতের মাটিতে দুই দেশের ক্রিকেট বোর্ডপ্রধানদের প্রস্তাবিত সভায় রাজনৈতিক উগ্রবাদীরা ঢুকে পড়েছিল। গত অক্টোবরে খোদ আইসিসিই দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ থেকে দেশে ফেরত পাঠিয়েছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে। সব মিলিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ছিল অনিশ্চয়তার মধ্যে। এএফপি।