ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলবেন যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সর্বশেষ খেলেছে গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে। তাদের পরবর্তী বড় মিশন আগামী জুনে।
বিসিবি সূত্রে জানা গেছে, জুনের শেষ সপ্তাহে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন বাংলাদেশের যুবারা। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সিরিজের তৃতীয় দলটি শ্রীলঙ্কা। বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন জানিয়েছেন, ‘সিরিজ সামনে রেখে বাংলাদেশ যুব দল দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প শুরু করবে মে মাসের মাঝামাঝি। তার আগে চার দিনের ম্যাচের আসর ইয়ুথ ক্রিকেট লিগে খেলবে খেলোয়াড়েরা।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে নভেম্বরের মাঝামাঝি ভারতেই হতে পারে পরবর্তী যুব এশিয়া কাপ। তার আগে অক্টোবরে দেশের মাঠে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি।
আগামী বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ সামনে রেখেই আসলে অনূর্ধ্ব-১৯ দলকে এসব ম্যাচ খেলানোর চিন্তা।