ভারতে দ. আফ্রিকার ৭২ দিনের সফর
ভারত সফরে এই প্রথম চারটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি। সব মিলিয়ে ৭২ দিনের ভারত সফর। গতকাল এই ‘ম্যারাথন’ সফরসূচি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এই প্রথম ভারতের সঙ্গে চার টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিও তারা প্রথম খেলবে।
২৯ সেপ্টেম্বর দিল্লিতে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ভারত সফর। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ধর্মশালায়, ২ অক্টোবর। ১১ অক্টোবর কানপুরে শুরু ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৫ নভেম্বর, মোহালিতে।
সিএসএর প্রধান নির্বাহী হারুন লরগাত গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে বেঙ্গালুরুতে, যেখানে ২০০০ সালে আমরা ভারতের মাটিতে একমাত্র সিরিজ জয়টা নিশ্চিত করেছিলাম। সবকিছু ঠিক থাকলে ওটাই হবে এবি ডি ভিলিয়ার্সের শততম টেস্ট। আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কারণে ওই মাঠ এখন ডি ভিলিয়ার্সের দ্বিতীয় বাড়িই হয়ে গেছে।’
সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলতে পারেননি ডি ভিলিয়ার্স। নইলে আগামী পরশু মিরপুরেই শততম টেস্ট খেলতেন তিনি। ক্রিকইনফো।