ভারতে যাওয়ার অনুমতি পায়নি পাকিস্তান ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথমে খবর এল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দেওয়ার সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকালই ভারতের বিমানে চড়ছে পাকিস্তান, এমন খবর দিল ভারতের কিছু সংবাদমাধ্যম। কিন্তু কিছু সময় পরই পাকিস্তান সরকার উড়িয়ে দিল খবরটি। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনো ভারতে যাওয়ার অনুমতি দেয়নি দলকে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, ‘ঠিক এই মুহূর্তে অনুমতি দেওয়ার মতো অবস্থায় আমরা নেই। খেলার সময় আমাদের খেলোয়াড়েরা যাতে কোনো চাপে না পড়ে, সেটি দেখা আমাদের দায়িত্ব। যতক্ষণ না নিরাপত্তা নিয়ে ভারত সরকার লিখিত নিশ্চয়তা দিচ্ছে, দলকে আমরা ভারতে যাওয়ার অনুমতি দেব না।’
এরই মধ্যে ধর্মশালা থেকে ভারত-পাকিস্তানের ১৯ মার্চের ম্যাচটি সরিয়ে আনা হয়েছে কলকাতায়। খেলাটি ইডেনে হচ্ছে বলে ভীষণ খুশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলী। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাচটা হবে তো? এনডিটিভি।