ভারতে শ্রীলঙ্কা দলের বাস থেকে বুলেটের খোসা উদ্ধার

টেস্ট দলে সুযোগ পাওয়া লঙ্কান ক্রিকেটাররা ভারতে পৌঁছে গেছেনছবি: লঙ্কান ক্রিকেট বোর্ডের টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা দল। বাস। আগ্নেয়াস্ত্র!

শব্দগুলো পাকিস্তানের তো বটেই, যেকোনো দেশের ক্রিকেটপ্রেমীর মনেই দুঃস্বপ্নের অনুভূতিটা ফেরাবে। ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার জের এখনো টানছে পাকিস্তান।

অনেক বছরের ‘নির্বাসন’ কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আবার পাকিস্তানের মাটিতে ফিরেছে বটে, তবে এখনো প্রতিটি সিরিজে সফরকারী দলকে পাকিস্তানে যেতে রাজি করাতে, নিরাপত্তার নিশ্চয়তা দিতে দিতেই ঘাম ছুটে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

এবার ভারতে সেই শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসেই উদ্ধার হলো গুলির খোসা! তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু এখনো হয়নি। এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।

ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডের খবর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্ট সিরিজের মধ্যে প্রথমটির ভেন্যু চণ্ডীগড়ে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসের লাগেজ রাখার জায়গায় গতকাল শনিবার এই গুলির খোসা পাওয়া গেছে।

ভারত ও শ্রীলঙ্কা এই মুহূর্তে তিন টি-টোয়েন্টির সিরিজের শেষ ম্যাচটি খেলছে ধর্মশালায়। চণ্ডীগড়ে প্রথম টেস্ট শুরু হবে আগামী ৪ মার্চ—ভারতের জার্সিতে বিরাট কোহলির ১০০তম টেস্ট হবে এটি। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের খেলোয়াড়েরা ধর্মশালায় আছেন, তবে যাঁরা শুধু টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন, তাঁরা চণ্ডীগড়েই অনুশীলন করছেন।

লঙ্কান টেস্ট দলের সেই খেলোয়াড়দের হোটেল থেকে মোহালি স্টেডিয়ামে আনা-নেওয়ার জন্য একটি বাস ভাড়া করা হয়েছে। গতকাল বাসে নৈমিত্তিক পুলিশি তল্লাশির সময় গুলির খোসাগুলো পাওয়া গেছে। তল্লাশির সময় বাসটি হোটেলের সামনের খোলা জায়গায় পার্ক করা ছিল।

ভারত ও শ্রীলঙ্কা এই মুহুর্তে ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি খেলছে
ছবি: এএফপি

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে লেখা হয়েছে, লঙ্কান দলকে বহনের জন্য ভাড়া করা বাসটি কয়েক দিন আগে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, গুলির খোসাগুলো সেই বিয়ের অনুষ্ঠানের পর বাসে রয়ে গেছে। পাঞ্জাবসহ ভারতের অনেক জায়গায় বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুড়ে উদ্‌যাপনের রীতি আছে।

তবে কারণ যা-ই হোক, পুলিশ এ নিয়ে তদন্ত করা শুরু করেছে। কেউ এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেননি, পুলিশ নিজ উদ্যোগেই ঘটনাটার তদন্ত করছে। বাসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চণ্ডীগড়ের পুলিশ সতর্ক আছে বলেও লিখেছে ইন্ডিয়া টুডে। টেস্ট শুরু হওয়ার আগে বাকি চার দিনে এ নিয়ে আরও বিস্তারিত জানা যেতে পারে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এই মুহূর্তে টস জিতে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা। ধুঁকছেই তাঁরা! ১১ রানের মধ্যে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ভারতকে ১৪৭ রানের লক্ষ্য দিতে পেরেছে অধিনায়ক দাসুন শানাকার দারুণ অর্ধশতকে। শেষ পর্যন্ত ৩৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭৪ রান করেছেন শানাকা।

দাসুন শানাকা দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে পথ দেখিয়েছেন
ছবি: এএফপি

২৯ রানে চতুর্থ উইকেট পড়ার পর ক্রিজে যান শানাকা। পাঁচে নামা দীনেশ চান্ডিমালের (২৭ বলে ২৫ রান) সঙ্গে পঞ্চম উইকেটে ৩১ রানের জুটিতে লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর শুরু, তবে ১৩তম ওভারের প্রথম বলে চান্ডিমাল আউট হওয়ার সময়ও শানাকার রান ছিল ১১ বলে ১০।

মূলত ১৬তম ওভার থেকে ঝড় শুরু করেন তিনি। ১৫তম ওভার শেষেও শানাকার রান ছিল ১৬ বলে ১ চারে ১৯।

শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কা পেয়েছে ৬৮ রান, এর মধ্যে শানাকারই রান ৫৫। এ সময়ে লঙ্কান ৮ চার ও ২ ছক্কার সব কটিই তাঁর। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে শানাকার সঙ্গী চামিকা করুনারত্নের অবদান মাত্র ১৯ বলে ১২।

আগের দুই ম্যাচে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে ভারত।