ভারতে সিরিজ জিতে ফিরল হুইল চেয়ার ক্রিকেট টিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ‘হুইলচেয়ার ক্রিকেট টিম’ ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জিতে গতকাল শনিবার দেশে ফিরেছে।
ক্রিকেট দলটি গতকাল দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন ও কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম।
ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশনের ‘হুইলচেয়ার ক্রিকেট দলের’ সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলতে গত সোমবার নয়াদিল্লি যায় বাংলাদেশের দলটি। গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার খেলা হয়। প্রথম ও শেষ ম্যাচে জয়ী হয় বাংলাদেশের দল।
ড্রিম ফর ডিজঅ্যাবিলিটির প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ ও বাংলাদেশ দলের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আইনজীবী লোকমান হোসেন গত শুক্রবার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল নয়টায় দিল্লির একটি স্কুলের মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রখর রোদ ও প্রচণ্ড গরমের কারণে ম্যাচ রেফারি ২০ ওভারের খেলা কমিয়ে ১৫ ওভারে আনেন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। বাংলাদেশ দল নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেটে ২৫৪ রানের লক্ষ্য দেয় ভারতের দলকে। ভারতের দল ব্যাট করতে নেমে ১৪ ওভার ১ বল খেলে ৯৮ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের মিঠু সরকার হন ম্যান অব দ্য ম্যাচ। আর তিন ম্যাচে ২০৯ রান ও ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হন বাংলাদেশের শফিকুল ইসলাম।