ভারতে সেঞ্চুরির রাজা কুক

বাংলাদেশ সফরে পাননি। একটা বড় ইনিংসের জন্য মুখিয়ে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ভারতের বিপক্ষে রাজকোটেই বড় ইনিংসের খিদেটা মেটালেন দারুণ এক শতরান করে।
টেস্টে কুকের ৩০তম সেঞ্চুরি এটি। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চই। ২৪৩ বলে, ১৩ চারে সাজানো ১৩০ রানের এই ইনিংস তাঁকে ভারতের মাটিতে অনন্য এক রেকর্ডের মালিক বানিয়েছে। ভারত সফরে আসা ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি করায় কুক ছাড়িয়ে গেছেন সবাইকে। ভারতের মাটিতে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫!
ভারতকে নিজের ঘরবাড়িই বানিয়ে ফেলেছেন ইংলিশ অধিনায়ক। এখানে তাঁর ব্যাটিং গড় ৬৬.৮০। ৫ সেঞ্চুরির পাশাপাশি আছে ৩টি ফিফটি।
কুক পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড, এভারটন উইকস ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে। ভারতের মাটিতে এই তিনজনের সেঞ্চুরিই ৪টি করে।
ভারতের মাটিতে ৩ সেঞ্চুরি আছে বেশ কয়েকজন ব্যাটসম্যানেরই। তাঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, স্যার গ্যারফিল্ড সোবার্স, ভিভ রিচার্ডস, নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ, পাকিস্তানের ইউনিস খান, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, নিল হার্ভে, ইংল্যান্ডের কেন ব্যারিংটন,অ্যান্ড্রু স্ট্রাউস ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।