ভারতেও থাকবেন ধর্মসেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের বাহবাই দিতে পারে। অনেক দিন পর দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরীক্ষামূলকভাবে ইংল্যান্ড সিরিজেই সেটা শুরু হবে। এই সিরিজে দুই দলকেই বারবার রিভিউয়ের শরণাপন্ন হতে দেখা যেতে পারে। এই সিরিজের অন্যতম আম্পায়ার হিসেবে শোনা যাচ্ছে কুমার ধর্মসেনার নাম।
সদ্য সমাপ্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটা ধর্মসেনাকে বড্ড জ্বালিয়েছে। প্রথম টেস্টে তাঁর নেওয়া ১৬টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছে দুই দল। এর আটটি সিদ্ধান্তই বদলাতে হয়েছে। দ্বিতীয় টেস্টটাও ভালো যায়নি শ্রীলঙ্কান আম্পায়ারের। মাত্র তিন দিনেই তাঁর ১১টি সিদ্ধান্তে রিভিউ নিয়েছে দুই দল। এর পাঁচটি সিদ্ধান্তই বদলে নিতে হয়েছে! দুই টেস্টে ১৩টি সিদ্ধান্ত বদলে ইতিহাসই গড়ে ফেলেছেন ২০১২ সালের আইসিসির সেরা আম্পায়ারের পুরস্কারজয়ী শ্রীলঙ্কান। অনেকেই মাঠে আম্পায়ার থাকার কী দরকার, এমন প্রশ্নও তুলছেন এখন!
ভারত ও ইংল্যান্ডের জন্য চিন্তার বিষয়, পাঁচ টেস্টের সিরিজের জন্য ধর্মসেনাকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে আইসিসি। এই সিরিজে আম্পায়ার থাকার কথা ছিল পাকিস্তানের আলিম দারের। কিন্তু ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে আলিম দারকে সরিয়ে নিচ্ছে আইসিসি। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথেও ভারত ছাড়তে হয়েছিল আলিম দারকে। ইন্ডিয়া টুডে।