ভারতের অনেক উপলক্ষের এক সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে, ভারত টেস্ট কম খেলে! এত দিন বললেও এখন আর তা বলার উপায় নেই। উল্টো ২০১৬-১৭ মৌসুমটাকে বিসিসিআই ঘোষণা করে দিতে পারে ‘টেস্টবর্ষ’ হিসেবে। এই এক বছরেই ভারত খেলবে ১৩টি টেস্ট!

ব্যস্ত মৌসুমের অদৃশ্য ফিতাটা আজ কাটা হবে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথমটি দিয়ে। এই টেস্টের অন্য মাহাত্ম্যও আছে। এটি ভারতের ৫০০তম টেস্ট। এর আগে যা খেলেছে শুধু তিনটি দলই—ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ ৫০০তম টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং এ নিয়ে সেখানে বলতে গেলে কোনো আলোচনাই ছিল না। ২০১৪-এর সেপ্টেম্বরে ‘ঐতিহাসিক’ সেই টেস্টটা বাংলাদেশের বিপক্ষেই। ক্রিকেটের দেশ ভারতে ব্যাপারটা অনুমিতভাবেই উল্টো। ৫০০তম টেস্ট নিয়ে ব্যাপক হইচই সেখানে। মাইলফলকের এই টেস্টে কানপুরে থাকার কথা সাবেক অধিনায়কদের প্রায় সবারই।

সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে, আজ থেকে শুরু টেস্টটা যেন শুধু ভারতই খেলবে! প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড নামে একটা দলও যে এই টেস্টের অংশ, সেটা আলোচনায় কমই আসছে। বরং তাদের চেয়ে বেশি আসছে পাকিস্তানের কথা। সাড়ে সাত বছর ধরে একটা দল নিজেদের দেশে খেলার সুযোগ পাচ্ছে না, তবু কি না এবার টেস্টের রাজদণ্ড উঠল পাকিস্তান অধিনায়কের হাতে! চিরপ্রতিদ্বন্দ্বীদের এই সাফল্য কীভাবে সহ্য করে ভারত! তবে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকেই দ্বিতীয় স্থানে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা জিতলেই এক নম্বর। কোহলিদের প্রতিপক্ষ তাই শুধু উইলিয়ামসনের নিউজিল্যান্ডই নয়, রাজদণ্ড হাতে মিসবাহ-উল-হকের ছবিটাও।

গ্রিন পার্কে ৫০০তম টেস্টের উৎসব আর পাকিস্তানকে টপকানোর আলোচনায় নিউজিল্যান্ড অন্যদের কাছে কিছুটা আড়ালে পড়ে গেলেও কোহলি তো আর প্রতিপক্ষকে ভুলে থাকতে পারেন না! সিরিজটা নিয়ে ভারত অধিনায়ককে বরং বেশ সতর্কই মনে হচ্ছে, ‘ওদের এই দলটা কখনোই হাল ছেড়ে দেয় না, দলে অনেক ভালো ভালো খেলোয়াড়ও আছে। আমরা তাই খুবই সতর্ক।’

ভারত-নিউজিল্যান্ড টেস্ট পরিসংখ্যান ভারতের হয়েই কথা বলছে। এখানে তো আবার খেলা হচ্ছে ভারতে। ব্ল্যাক ক্যাপদের কোচ মাইক হেসন সেটিই মনে করিয়ে দিলেন, ‘আমাদের ইতিহাসেই আমরা এখানে মাত্র দুটি টেস্ট জিতেছি। আমরা তাই ভালো করেই জানি, এখানে এসে জেতা যেকোনো দলের জন্যই কতটা কঠিন।’ ভারতে পা দিয়ে একই কথা বলেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘এখানে খেলাটা কঠিন...বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোয়।’

ভারতের মাটিতে ভারতীয় দলের সবচেয়ে কাছের ‘বন্ধু’ উইকেট। টার্নিং উইকেটে ভারতীয় স্পিনারদের সামলানোটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য। উইকেটের গত দু-তিন দিন আগের চেহারায়ও দেখা গেছে সেই ছাপ। ফাটলে ফাটলে প্রায় চৌচির এক উইকেট।

মজার ব্যাপার হলো, দ্বিপক্ষীয় সিরিজের উইকেট স্বাগতিক দলের ইচ্ছেমতো হওয়াটা আন্তর্জাতিক ক্রিকেটে ‘ওপেন সিক্রেট’ হলেও ভারতের কোচ অনিল কুম্বলে প্রসঙ্গটিতে ঢুকতেই চাইলেন না। এ প্রসঙ্গে তাঁর প্রথম কথা, ‘এটা কিউরেটরের কাজ।’ পরে যোগ করেছেন, ‘ধরেই নেওয়া হয়, হোম কন্ডিশন স্বাগতিকদের সুবিধা দেবে। তার মানে এই নয় যে ম্যাচের প্রথম বল থেকেই উইকেটে ধুলো উড়বে।’

ভারতে যে সে রকম উইকেট কখনো হয়নি, তা অবশ্য নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেটগুলো এতটাই টার্নিং ছিল যে, সিরিজের একটি মাত্র টেস্টেই খেলা পঞ্চম দিনে নিতে পেরেছিল প্রোটিয়ারা। তাতে ভারত সিরিজ জিতেছিল বটে, কিন্তু চতুর্দিক থেকে ধেয়ে আসা সমালোচনায় তেতো হয়ে গিয়েছিল জয়ের স্বাদটা। তথ্যসূত্র: রয়টার্স।

নিউজিল্যান্ডের বিপক্ষে এবার কেমন জয় চায় ভারত, সেটাই এখন দেখার।