ভারতের অনেক নায়কের এক জয়

গ্যারেথ ব্যাটির বলটি কভার দিয়ে উড়িয়ে মারলেন পার্থিব প্যাটেল। দুর্দান্ত ওই চারেই শেষ হলো মোহালি টেস্ট। রীতিমতো ওয়ানডে স্টাইলেই ম্যাচটি শেষ করে এলেন ৮ বছর পর টেস্ট খেলতে নামা প্যাটেল। ১০৩ রানের লক্ষ্যটা মাত্র ২ উইকেট হারিয়ে ২০.২ ওভারেই পেরিয়ে গেল ভারত। ৩ ম্যাচ শেষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।
ঋদ্ধিমান সাহার চোটে সুযোগ মোহালি টেস্টে পেয়েছেন প্যাটেল। প্রথম ইনিংসে ৪২ রান করে সুযোগ হাতছাড়া করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ভুল করলেন না। ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম ফিফটিটা পেয়ে গেলেন আজ। মাত্র ৩৯ বলে ফিফটি করে অপরাজিত ছিলেন ৬৭ রানে। ৫৪ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ১ ছক্কা। প্যাটেলের ইনিংসেই চতুর্থ দিনের এক ঘণ্টা বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিল ভারত।
দিনের শুরুতে অবশ্য মনে হয়নি ভারতকে ১০০ রান তাড়া করতে হবে। আগের দিনের ৭৮ এর সঙ্গে কোনো রান যোগ করার আগেই আউট ব্যাটি। একটু পরেই আউট হয়ে গেলেন জস বাটলারও। তবে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কাটা দিলেন অজিঙ্কা রাহানে। তাঁর দুর্দান্ত এক ক্যাচে ফিরলেন জো রুট। ৩ উইকেট হাতে রেখে মাত্র ১৮ রানের লিড তখন ইংল্যান্ডের।
ক্রিস ওকস (৩০) ও হাসিব হামিদ মিলেই ভারতের জয়ের অপেক্ষাটা বাড়ালেন। চোটের কারণে ৮-এ ব্যাট করতে নামা হামিদকে তো আউটই করতে পারেনি ভারত। ১৫৬ বলে ৫৯ রানের এক ইনিংস খেলে অপরাজিত রয়ে গেলেন তিনি। তাঁকে কেউ সঙ্গ দিতে না পারায় ইংল্যান্ড থামল ২৩৬ রানে।
১০৩ রানের লক্ষ্যতে লড়তে পারত ইংল্যান্ড। দ্বিতীয় ওভারে মুরালি বিজয়কে ফিরিয়ে ইংল্যান্ড একটা চেষ্টাও করেছিল। কিন্তু পার্থিব আর সুযোগই দিলেন না! দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়লেন পূজারার সঙ্গে।
ভারতের এমন এক জয়, যাতে নায়ক অনেকে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে যেমন ভারতের পাঁচ বোলারের প্রত্যেকে উইকেট নিয়েছেন। ভারতের প্রথম ইনিংসে যেমন ৬ ব্যাটসম্যান ৪০-এর ওপরের ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও পাঁচ বোলারের চারজনই কাছাকাছি অবদান রাখলেন। ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা, তবে কোহলির সেরা আসলে পুরো দলই।