ভারতের অভিযোগ, বিস্মিত কিউরেটর
২৬ রান পেছনে আর ৯ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ভারত। খেলা শুরুর ঘণ্টা খানেকের মধ্যে জনসন-ঝড়ে তছনছ ভারতীয় ইনিংস। তবে ভারতের ড্রেসিংরুম ‘তছনছ’ হয়ে আছে খেলা শুরুর আগেই!
সকালে খেলা শুরুর আগে নেটে অনুশীলন করতে গিয়ে হাতে চোট পান শিখর ধাওয়ান। তাঁর জায়গায় দিনের সূচনা করতে নামলেন যিনি, সেই বিরাট কোহলিও নাকি চোট পেয়েছিলেন ওই অনুশীলন উইকেটে। মহেন্দ্র সিং ধোনির দাবি, গ্যাবার নেট উইকেটগুলো ছিল বাজে, ‘সকালে অনুশীলন করতে গিয়ে আমরা দেখি উইকেট খুব ভালো নয়। শিখর ব্যাটিং করতে গিয়ে চোট পেয়ে ড্রেসিংরুমে ফিরল। আমিও পরে ব্যাটিং করে দেখেছি উইকেটে অসমান বাউন্স। তখনো আমরা বুঝতে পারিনি যে শিখর ব্যাটিং করতে পারবে না। আমি ও ডানকান (কোচ ডানকান ফ্লেচার) ছিলাম নেটে, যখন ফিরলাম তখন খেলা শুরুর সময় প্রায় ঘনিয়ে এসেছে। তখন আমরা বুঝতে পারি শিখর শতভাগ ফিট নয়। ৫-১০ মিনিট সময় ছিল তখন, এর মধ্যেই বিরাটকে বলতে হয়েছে ব্যাটিংয়ে নামতে।’
ভারত অধিনায়কের দাবি, এসব অস্থিরতার প্রভাব পড়েছে মাঠে, ‘আমরা হয়তো পরিস্থিতি আরও আরেকটু ভালোভাবে সামলাতে পারতাম। কিন্তু এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমের পরিবেশ অস্থির হয়ে ওঠে, স্থিতাবস্থা নষ্ট হয়ে যায়। ওই অবস্থায় ২০-২৫ রানের একটা জুটি গড়তে পারলে হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যেত আস্তে আস্তে। কিন্তু সেটা করতে পারিনি আমরা।’
ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের ক্ষোভ জানিয়েছে রীতিমতো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে। ধোনির দাবি, দুই দিন আগে থেকেই ভালো অনুশীলন উইকেট চেয়ে পাননি তাঁরা। স্টেডিয়ামের জিমনেসিয়ামে গিয়ে জিম না করতে পেরে ফিরে আসতে হওয়াতেই ক্ষুব্ধ ধোনি। ড্রেসিংরুমে নিরামিষ খাবার না পেয়ে বাইরে গিয়ে খেয়ে এসেছেন দুই ক্রিকেটার। সব মিলিয়ে ব্রিসবেনের সুযোগ-সুবিধা বাড়ানো উচিত বলে দাবি ধোনির।
এটা শুনে আবার বিস্মিত শেন ওয়ার্ন। ধারাভাষ্যে ওয়ার্ন বললেন, ‘গ্যাবার সুযোগ-সুবিধা বিশ্বের অন্যতম সেরা।’ জিমনেসিয়াম নিয়ে ভারতের অভিযোগ ঠিক। গ্যাবায় আসলে ক্রিকেটারদের কোনো জিম নেই। ওখানকার একমাত্র জিমনেসিয়ামটি এএফএলের দল ব্রিসবেন লায়ন্সের, তারা ভারতীয় দলকে নিজেদের জিম ছাড়েনি। উইকেট নিয়ে অভিযোগ শুনে কিউরেটর কেভিন মিচেল জুনিয়র তো যারপরনাই বিস্মিত, ‘অনুশীলন উইকেট তো দারুণ, প্রায় মাঠের উইকেটের মতোই। আর কোনো সফরকারী দল কখনো এই অভিযোগ করেনি।’ অবাক হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথও, ‘আমরাও ওখানে অনুশীলন করেছি, সত্যি বলতে কোনো সমস্যা হয়নি। খুবই ভালো উইকেট।’
কাল সকালে ওই উইকেটে ব্যাটিং করেছেন চোটের কারণে এই টেস্টের বাইরে থাকা রায়ান হ্যারিস। ফাস্ট বোলার বেন কাটিংকে খেলে এসে হ্যারিস বলেছেন, ‘সব ঠিক আছে। ভালো উইকেট।’ হ্যারিস বরং মজা করে দেখিয়েছেন, তাঁর হাতে চোট নেই, কারণ ব্যাটই ব্যবহার করেছেন!
বলার অপেক্ষা রাখে না, শেষটা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য খোঁচা! ক্রিকইনফো।