ভারতের এক ইনিংসেই রেকর্ড বইয়ে ওলটপালট
এই টেস্টের পরেই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া ছেড়ে ভারতের পথে উড়াল দেবেন বিরাট কোহলি। সিরিজের শেষ স্মৃতি হিসেবে হয়তো কস্মিনকালেও এমন কিছু চাননি ভারত অধিনায়ক!
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের এ কী হাল! অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেছে মাত্র ৩৬ রানে। স্কোরকার্ড ৩৬/৯ দেখালেও, ওই হিসাবে ভুলবেন না। শেষ উইকেটে ব্যাট করার সময় আঘাত পেয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ শামি। যে কারণে স্কোরকার্ডে অলআউট লেখা না হলেও ভারতের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর হিসেবে এটিকেই ধরা হচ্ছে।
এই এক ইনিংসেই উল্টেপাল্টে গেছে রেকর্ড বই। দেখা যাক এমন কয়েকটি রেকর্ড।
৬৫
এর আগে ভারত তাঁদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে এত কম রান কখনো তোলেনি। টেস্ট ইতিহাসেই গত ৬৫ বছরে কোনো দল এক ইনিংসে এত কম রান তোলেনি। দিন–রাতের টেস্টের এক ইনিংসে এত কম রান কোনো দলেরই নেই।
২০০
হনুমা বিহারিকে আউট করে ক্যারিয়ারে ২০০ উইকেট তুলে নিয়েছেন জশ হ্যাজলউড।
১১
১৫ রানে ১ উইকেট থেকে একপর্যায়ে ৮ উইকেট হারিয়ে ২৬ রান তোলে ভারত। এর আগে এত তাড়াতাড়ি সাত উইকেট হারানোর নজির কেবল একবারই ছিল। অবশ্য সেবার এত কম রানের এই যন্ত্রণায় পোড়েনি দলটা। ২০১৭ সালে পুনে টেস্টে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৯৪ রানে ৩ উইকেট হারানোর পর ১০৫ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত।
৮
৫ উইকেট নিতে মাত্র ৮ রান দিয়েছেন হ্যাজলউড। এর চেয়ে কম রানে ৫ উইকেট পাওয়ার নজির আছে আরও ৭টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র তিনটি। সবচেয়ে কম ২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি মিডিয়াম পেসার আর্নি টোশাক।
২৫
৫ উইকেট নিতে ২৫ বল লেগেছে হ্যাজলউডের। এর চেয়ে কম বলে ৫ উইকেট নিয়েছেন আরও পাঁচজন।
১৯
কামিন্সের বলে কোহলিকে হারানোর মধ্য দিয়ে ভারত ষষ্ঠ উইকেট হারায় মাত্র ১৯ রানে। এত কম রানে ৬ উইকেট তারা টেস্টে কখনো হারায়নি।
৮২
অ্যাডিলেডের এই ভেন্যুতে আগে এই ইনিংসের সর্বনিম্ন স্কোর ছিল ৮২। ১৯৫১-৫২ মৌসুমে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখেছিল সে ইনিংস। আজ ভারত সে স্কোরের চেয়ে ৪৬ রান কম।
৯৬
ভারতের কোনো ব্যাটসম্যানই এই ইনিংসে দুই অঙ্কের স্কোর করতে পারেননি। এমন নজির ইতিহাস দেখেছিল সেই ৯৬ বছর আগে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর করতে পারেননি।
২.৫৪
এই টেস্টের প্রতি ওভারে ২.৫৪ করে রান উঠেছে। অস্ট্রেলিয়ার মাটিতে ২০০০ সালের নভেম্বরের পর এত মন্থরগতিতে রান ওঠেনি কখনো।