ভারতের এমন ব্যাটিং এবারই প্রথম নয়

ইংল্যান্ডের ক্রিকেট বিশ্লেষকেরা কাল আটকে রাখা দম ফেলে স্বস্তি পেয়েছেন। অনায়াসে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড এমন দাবি তোলার পর দলকে সেমিফাইনালের আগেই বাদ পড়ার সম্ভাবনা দেখে ভয়ই পেয়ে গিয়েছিলেন মাইকেল ভন, কেভিন পিটারসেনরা। ভারতকে হারানোর পর আবারও জোরালো হয়েছে তাদের গলা। ইংল্যান্ড দলের স্তুতিতে ভেসেছেন তারা।
দলের প্রশংসা শেষেই নিজেদের স্বাভাবিক বিচারবুদ্ধি ফিরে পেয়েছেন তারা। এরপরই সমর্থকের চোখ দিয়ে নয়, বিশ্লেষকের দৃষ্টি দিয়ে ভারতের রান তাড়ার পরিকল্পনাটা পরখ করেছেন সবাই। এবং স্লগ ওভারে ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ৩৩৭ রান তাড়া করতে নেমে হাতে বেশ কিছু উইকেট থাকার পরও শেষ চেষ্টা করেনি ভারত। মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের ব্যাটিং দেখে মনে হয়নি তাঁদের মধ্যে জয়ের কোনো চেষ্টা আছে।
জয়ের চেষ্টা না করে টুক টুক করে রান তুলেছে ভারত। পরাজয়ের ব্যবধান কমিয়ে এনেছে ৩১ রানে। পরাজয়ের ব্যবধান কমিয়ে আনায় ভারতের নেট রান রেট তাই এখনো বেশ ভালো (+০.৮৫৪)। ফলে পরের দুই ম্যাচে ভারত যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরেও যায়, এবং বাংলাদেশ কিংবা পাকিস্তানের পয়েন্ট যদি ভারতের সমান ১১ হয়ও, নেট রানরেটের কারণে ভারতই এগিয়ে থাকবে সেমির পথে। বাংলাদেশ (-০.১৩৩) এ ক্ষেত্রে পিছিয়ে আছে। দুই ম্যাচে ভারতকে রান রেটে টপকানো তাদের পক্ষে বেশ কঠিন। আর মাত্র এক ম্যাচ হাতে থাকা পাকিস্তানের (-০.৭৯২) পক্ষে সেটা অসম্ভব।
১১ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডকে নিয়ে ভারতকে চিন্তা করতে হচ্ছে না। কারণ, তাদের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে অন্তত এক দল হারলেই তারা ভারতের চেয়ে পিছিয়ে পড়বে। তাই প্রায় অবিশ্বাস্য কিছু না ঘটলে ভারতের বাদ পড়ার সম্ভাবনা নেই। এ কারণেই কাল ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য অতটা ক্ষুধা দেখা যায়নি ভারতের মাঝে। বরং পরাজয়ের ব্যবধান কমিয়ে এনে রান রেট ধরে রাখার চেষ্টাই ছিল তাদের মাঝে।
কাল ভারতের পরাজয়ে মূল ক্ষতি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। ইংল্যান্ড তাদের শেষ ম্যাচ জিতে গেলেই এ দুই দলের শেষ ম্যাচটি হয়ে যাবে নিয়ম রক্ষার। ফলে পাকিস্তানের অনেক ক্রিকেটারই আকারে-ইঙ্গিতে ভারত ইচ্ছে করে হেরেছে, এমন দাবি তুলছেন। মজার ব্যাপার, এবারই প্রথম ভারত এমন কিছু করেনি। ২০০৪ সালেও এক ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষদিকে প্রশ্নবিদ্ধ ব্যাটিং করে পাকিস্তানের ক্ষতি করেছিল ভারত।
২০০৪ এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াই চলছিল ভারত-পাকিস্তানের মধ্যে। সেবার সুপার ফোরের ম্যাচগুলোতে বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। প্রথমে ব্যাট করলে প্রতিপক্ষকে ৮০ ভাগ রান করতে না দিলে বোনাস পয়েন্ট পেত জয়ী দল। আর পরে ব্যাট করলে ৪০ ওভারের জয় পেলেই জুটত বোনাস। পরাজিত দলের পক্ষেও পয়েন্ট পাওয়া সম্ভব ছিল! সেটা হলো, যে রান তাড়া করছে তার ৮০ ভাগ টপকে গেলেই মিলত বোনাস পয়েন্ট।
প্রথমে ব্যাট করে ৩০০ রান করেছিল পাকিস্তান। তাড়া করতে নেমে মহা বিপদে পড়েছিল ভারত। কিন্তু শুরুতেই শেবাগকে হারানো ভারত কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছিল না। ২৫ ওভারে ৪ উইকেটে ১৩৯ রান তুলেছিল ভারত। একটু পরে মোহাম্মদ কাইফও হেঁটেছেন ড্রেসিংরুমের পথে। উইকেটে শচীন টেন্ডুলকার থাকার পরও জয় সম্ভব নয় বলে ধরে নিয়েছিল ভারত। তাই তারা ৩০১ নয় ২৪০কেই নতুন লক্ষ্য বানিয়েছিল ভারত।
ভারত সেদিন দেখিয়েছিল বিস্ময়কর এক ক্রিকেট। ২১ ওভারে মাত্র ৯০ রান তুলেছিল ভারত। ১০৩ বলে ৭৮ রান করেছিলেন টেন্ডুলকার। আর তাঁর সঙ্গী ইরফান পাঠান ৭৫ বলে করেছিলেন ৩৮ রান। ১৪ ওভারে মাত্র ৬৩ রান তুলেছিল এ জুটি। ৫০ ওভারে একদম ২৪১ রান তুলে থেমেছিল ভারত। ৬৩ রানে হেরে রান রেটে পাকিস্তানের চেয়ে পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু বোনাস পয়েন্টে ঠিকই চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে ফাইনাল খেলেছিল ভারত।
সেদিন ভারতের এমন ব্যাটিং খেপিয়ে তুলেছিল সাধারণ দর্শকদের। ২০ ওভার বাকি থাকা অবস্থায় হার মেনে নেওয়া সে ব্যাটিং মেনে নিতে পারেননি কেউ। কিন্তু ভারতের কাছে ফাইনাল খেলাটাই মূল ব্যাপার ছিল। তাই আগে ভাগে পাকিস্তানের কাছে হার মেনে নিতেও বাধেনি তাদের। কারণ, সে হারে যে আরও বড় লক্ষ্য অর্জিত হয়েছিল তাদের।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ধোনি ও যাদবের ব্যাটিং হয়তো নিরপেক্ষ দর্শকের চোখে প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু ভারত তার লক্ষ্য ঠিকই অর্জন করে নিয়েছে।