ভারতের এমন লজ্জা!

টি-টোয়েন্টির পূজারি তারা। টি-টোয়েন্টি ক্রিকেটকে সোনার ডিম পাড়া হাঁস বানিয়েছে ভারতই। সবচেয়ে জমজমাট টুর্নামেন্টটাও হয় ভারতে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নও তারা। সেই ভারত আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৯২ রানে অলআউট হয়েছে। এর আগে একবারই এক শর নিচে অলআউট হয়েছে তারা। সাড়ে সাত বছর আগে, মেলবোর্নে। এবার হলো নিজেদের মাটিতেই।
কটকে ব্যাট করতে নামা ভারতকে শুরু থেকেই দাঁড়াতে দেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা। বোলারদের দারুণ সঙ্গ দিয়েছেন ফিল্ডাররাও। প্রথম তিন ব্যাটসম্যানের দুজনই রানআউটের শিকার। এর মধ্যে রোহিত শর্মা করেছেন ২২। ২২ এসেছে সুরেশ রায়নার ব্যাটেও। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ইনিংসটা মাত্র ১১ রানের, করেছেন শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিন।
বাকি সাত ব্যাটসম্যান মিলে করেছেন মোটে ২০ রান! কোহলি ১, ধোনি ৫; আম্বাতি রাইডু, হরভজন সিং আর ভুবনেশ্বর কুমার আউট হয়েছেন শূন্য রানে। ওহ ভালো কথা, মিস্টার এক্সট্রাও কিন্তু করেছে ১১। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যালবি মরকেল।
টি-টোয়েন্টিতে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ৭৪ রানে অলআউট হওয়া মেলবোর্নের সেই ম্যাচে ভারত হেরে গিয়েছিল ম্যাচের প্রায় ৯ ওভার বাকি থাকতেই। আজ কী হয়, সেটাই দেখার। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার প্রান্তে থাকা দক্ষিণ আফ্রিকা মাত্র ব্যাট করতে নামল।