ভারতের ওপর 'স্মিথ' রোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ

৮৩ বলে তখন তাঁর ৮৬ রান। মোহাম্মদ শামির প্রথম দুই বলে রান নেই। পরের বলে চার মেরে ‘নড়বড়ে নব্বই’য়ে গেলেন। তারপর ডট। তারপর ছয়-চারে সেঞ্চুরি। স্টিভেন স্মিথের ‘অতিমানবীয়’ অস্ট্রেলীয় গ্রীষ্মে যোগ হলো আরেকটি সোনালি মুহূর্ত। স্মিথের ‘স্টিম রোলারে’ আরেকবার পিষ্ট হলো ভারত। এই গ্রীষ্মে ভারতের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে ৬ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৯২১ রান হলো তাঁর! কি বোর্ডার-গাভাস্কার সিরিজ, কি ত্রিদেশীয় সিরিজ, কি বিশ্বকাপ, স্টিভ স্মিথ ভারতকে জ্বালিয়ে মারছেনই!
উইকেটে যখন আসেন, তখন চোখ রাঙাচ্ছে উমেশ যাদব ও মোহাম্মদ শামির পেস। টুর্নামেন্টে ভারতীয় পেসারদের শর্ট বলে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার পরিসংখ্যানও সামনে আসছে। উমেশ যাদবের পঞ্চম ও ভারতের দশম ওভারে যাদবকে চারটি চার মারলেন স্মিথ, সব কটিই শর্ট বলে। যেন বুঝিয়ে দিলেন, ‘সব রোগীর একই পথ্য নয়!’ অ্যারন ফিঞ্চকে সঙ্গে নিয়ে গড়লেন গুরুত্বপূর্ণ জুটি।
পুরো ইনিংসেই স্মিথ ছিলেন নির্ভার, দলের ৩ নম্বর ব্যাটসম্যানের গুরুত্বও বুঝিয়েছেন আরও একবার। বিশ্বকাপের সেমিফাইনাল, সিডনির গ্যালারিতেও ভারতীয় সমর্থকদের রাজত্ব, কোনো কিছুই টলাতে পারল না ২০১৫ সালের অ্যালান বোর্ডার পদকজয়ী এই ক্রিকেটারকে।
অথচ এই স্মিথই দলে এসেছিলেন লেগস্পিন-অলরাউন্ডার হিসেবে। অভিষেক টেস্টে ব্যাটিংয়ে নেমেছিলেন ৮ নম্বরে, ওয়ানডেতেও ৮ নম্বরে নামার কথা ছিল বলে ব্যাটিংয়েরই সুযোগ পাননি!
এই গ্রীষ্মের শুরুতেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না, জর্জ বেইলির কাছে মিডল-অর্ডারের জায়গা হারিয়েছিলেন! মাইকেল ক্লার্কের চোট জায়গা করে দিল, স্মিথও দুহাতে লুফে নিলেন সুযোগ। সিরিজে ৪ ম্যাচে ৮৪.৬৬ গড়ে করেছিলেন ২৫৪ রান। ফিরে তাকাননি আর। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে করেছিলেন ৯ রান। এর পর থেকে স্মিথ ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন চার ইনিংসে। তিনটিতে করেছেন ফিফটি, একটিতে সেঞ্চুরি।
সেমিফাইনালের মতো ম্যাচে এসে নিজের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি, স্মিথের অনুভূতিটা অনুমিতই, ‘অবশ্যই ভালো লাগছে। বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে সেঞ্চুরি পাওয়াটা দারুণ ব্যাপার।’ এই ফর্মটা টেনে নিয়ে যেতে চান ফাইনালেও, ‘এমসিজিতে আমাদের কন্ডিশনে আরেকটা বড় সেঞ্চুরি পেলে ভালোই হবে!’ ধন্যবাদও জানাচ্ছেন তাঁদের, যাঁরা পাশে ছিলেন, ‘আমি সব সময়ই তাদের কথা মনে রাখি, যারা আমাকে এতটা পথ পাড়ি দিতে সাহায্য করেছে।’
‘ভবিষ্যৎ অধিনায়ক’ স্মিথের ওপর ভর করেও নিশ্চয়ই অস্ট্রেলিয়া পাড়ি দিতে চায় সুদীর্ঘ পথ!