ভারতের ওয়ানডে দলে গুরকিরাত
গত মাসে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে ভালো করেছেন। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চলমান সিরিজেও দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলে জায়গা পেয়ে গেলেন পাঞ্জাবের অলরাউন্ডার গুরকিরাত সিং।
সর্বশেষ বাংলাদেশে খেলে যাওয়া ভারতের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার ধবল কুলকার্নি। জাদেজার জায়গাতেই ঢুকেছেন অফ স্পিনিং অলরাউন্ডার গুরকিরাত, কুলকার্নির জায়গা নিয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্র। চোট থেকে সেরে না ওঠায় কোনো দলেই নেওয়া হয়নি পেসার মোহাম্মদ শামিকে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা কর্ণাটকের পেসার শ্রীনাথ অরবিন্দ প্রথম ডাক পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনটি টি-টোয়েন্টি,
পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে স্বাগতিক ভারত। ক্রিকইনফো।