
অ্যাডিলেড অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট। আরেকটি কথাও বেশ প্রচলিত। অ্যাডিলেড নিয়ে শেষ কথা বলা চলে না।
সংস্কারের পর অ্যাডিলেডে এখন বিশাল সব স্ট্যান্ড, আধুনিক স্থাপত্য। এখানে এখন অস্ট্রেলিয়ান রুলস ফুটবল হয়, আধুনিকতার ছোঁয়ায় উইকেট হয়ে গেছে ‘ড্রপ ইন।’ তার পরও উইকেট যেমন হারায়নি আগের চরিত্র, অ্যাডিলেডও হারায়নি ঐতিহ্য। কালই যেমন নাটকীয়ভাবে বদলে গেল ম্যাচের মোড়। প্রথম ইনিংসে লিড নিয়ে অস্ট্রেলিয়াকে একটা চাপে ফেলার আশায় কালকের দিন শুরু করেছিল ভারত। সেই ভারতেরই আজ ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা!
৫ উইকেটে ৩৬৯ রান নিয়ে দিন শুরু করা ভারতকে সকালে দেড় ঘণ্টাতেই গুটিয়ে দিল অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে যা হলো, সেটি বলা যায় রুটিন। ডেভিড ওয়ার্নারের আরেকটি সেঞ্চুরি, আবারও স্মিথের ব্যাটে রান, মিচেল মার্শের ব্যাটে ঝড়। বোলারদের বুটের আঘাতে উইকেটের নানা জায়গায় এখন অসংখ্য ফুটমার্ক। বলও ব্যাটে আসছে একটু থেমে। তার পরও ওভারপ্রতি ৪.২০ গড়ে রান তুলেছে অস্ট্রেলিয়া, চতুর্থ দিন শেষে লিড ৩৬৩ রানের। ভারতকে একটু ভাবনায় রাখতেই হয়তো ইনিংস ঘোষণা করেননি মাইকেল ক্লার্ক। তাঁর অধিনায়কত্বের যা ধরন, তাতে আজকে ব্যাটিংয়ে নামার কোনো কারণ নেই। ভারতের লড়াই তাই আজ টিকে থাকার। দ্বিতীয় দিনে বৃষ্টির পেটে যাওয়া ওভারগুলো পুষিয়ে নিতে প্রতিদিনই আধঘণ্টা আগে শুরু হচ্ছে। ভারতের যুদ্ধ তাই আজ ৯৮ ওভারের।
সেই যুদ্ধজয়ের পথে ভারতের মূল ‘শত্রু’ নাথান লায়ন। এই টেস্ট শুরুর আগে আলোচনা ছিল অস্ট্রেলিয়ান পেস বনাম ভারতীয় ব্যাটিং। অথচ ভারতকে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি ভোগালেন লায়ন। কাল যা অর্জন করেছেন লায়ন, সেই প্রাপ্তি নেই ওয়ার্ন-ম্যাকগিল-ইয়ার্ডলি-ম্যালেট-বেনোদের মতো স্পিনারেরও। দেশের মাটিতে ভারতের বিপক্ষে ৫ উইকেট! অস্ট্রেলিয়ার হয়ে আছে আর শুধু লেগ স্পিনিং অলরাউন্ডার ববি সিম্পসনের, সেই ১৯৬৮ সালে পেয়েছিলেন সিডনিতে। লায়নের স্পিনেই কাল সকালে গুটিয়ে গেছে ভারত, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছে ৭৩ রানের লিড।
পরে সেটিকে হৃষ্টপুষ্ট করেছেন ওয়ার্নার-স্মিথরা। তবে উইকেটের চরিত্র বুঝে খেলার ধরনও বদলে ফেলেছিলেন ওয়ার্নার। প্রথম ইনিংসের সেঞ্চুরি ছিল ১০৬ বলে, কাল ১৫৪ বলে। যেটি তাঁর ক্যারিয়ারের মন্থরতম সেঞ্চুরিও। ওয়ার্নারের দ্রুততম সেঞ্চুরিও ভারতের বিপক্ষে, ৬৯ বলে, ২০১২ সালে পার্থে। একসময়ের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ৩৩ টেস্টেই করে ফেললেন ১১ সেঞ্চুরি, একই টেস্টে জোড়া সেঞ্চুরি করলেন দুবার! স্মিথের ব্যাটে রানের জোয়ার থামার লক্ষণই নেই। রান বাড়ানোর তাড়ায় টি-টোয়েন্টি খেলার সার্টিফিকেট পেয়ে কর্ণ শর্মার ১ ওভারে তিনবার বল গ্যালারিতে পাঠিয়েছেন মার্শ।
আজ কোহলিদের দৃষ্টি গ্যালারিতে নয়, থাকবে ২২ গজে। যেখানে টিকে থাকতে হবে ৯৮ ওভার! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।