ভারতের করুণ দশা দেখছেন ভন

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতের অসহায় আত্মসমর্পণ ভারতীয়দের কাছে হতাশার, অপমানের। খোঁচা দেওয়ার সুযোগটাও হাতছাড়া করলেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তাঁর চোখে এই হার ‘করুণ’। সেই সঙ্গে ‘মাঠের বাইরের ইস্যু নিয়ে অতিরিক্ত মাতামাতি’কে এই বিপর্যয়ের মূল কারণ মনে করেন ভন।
বৃষ্টি-বিঘ্নিত ম্যাচেও ভারতের ইনিংস ও ৫৪ রানে হার কোনোমতেই একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের সঙ্গে মানানসই নয় বলেও মন্তব্য করেছেন তিনি। কাগজে-কলমে ভারত এই টেস্ট তিন দিনে হারলেও ভনের মতে, ওল্ড ট্র্যাফোর্ড টেস্টটি আসলে ফল দেখেছে দুই দিনের ভেতর। এক দিন তো এক রকম খেয়ে নিয়েছে বৃষ্টিই। কাল শেষ সেশনেই ভারত হারিয়েছে ৯ উইকেট!
প্রথম ইনিংসে ভারত ১৫২ রানে গুটিয়ে যাওয়ার মূল নায়ক ছিলেন স্টুয়ার্ট ব্রড। মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নেওয়া ব্রড দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বরুণ অ্যারনের বাউন্সারে নাক ফাটিয়ে। অথচ ব্রডহীন ইংলিশ বোলিং ভারতীয়দের ব্যাটিংকে উড়িয়ে দিল কত সহজেই। ভন এই পারফরম্যান্সকে অভিহিত করেছেন ‘আত্মসমর্পণ’ হিসেবে। বিবিসিকে তিনি বলেছেন, ‘গৌতম গম্ভীর আউট হয়ে যাওয়ার পরপরই আসলে ভারত আত্মসমর্পণ করে ফেলে। লড়াই শেষ হওয়ার আগেই সাদা পতাকা উড়িয়ে দিলে যা হয়, ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ঠিক তা-ই করেছে।’
১৯৬৭ সালে এজবাস্টন টেস্টের পর এই প্রথম ভারতকে তিন দিনের ভেতর হারাল ইংল্যান্ড। লর্ডস টেস্টে ৯৫ রানে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পরও ভারতের পরিণতির জন্য ভন মনে করছেন মাঠের বাইরের বিষয় নিয়ে মাত্রাতিরিক্ত নাক গলানো। ভনের মতে, জেমস অ্যান্ডারসনের পেছনে লেগেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে ধোনির দল, ‘ভারতীয়রা মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে বেশি সময় নষ্ট করেছে। সিরিজে এগিয়ে যাওয়া নয়, তাদের লক্ষ্য যেন ছিল যেকোনো মূল্যে অ্যান্ডারসনের শাস্তি। মাঠের ক্রিকেটের প্রতি মনোযোগটা হারিয়ে ফেললে যা হয়, সেটাই হয়েছে তাদের ক্ষেত্রে।’