ভারতের কাছে আবার হারল অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল ৫০ পেরিয়েছে ২০.২ ওভারে, অন্য দল মাত্র ৪.৩ ওভারে। প্রথম দলটি ১০০ পেরিয়েছে ৩৩তম ওভারে, দ্বিতীয় দলটি ১৭তম ওভারে।
প্রথম দলটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, দ্বিতীয়টি ভারত অনূর্ধ্ব-১৯। কাল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে দুই দলের মধ্যে পার্থক্য গড়ল শুরুর এই বৈপরীত্যই। শেষের দিকে রান তোলার গতি বাড়িয়েও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ থেমেছে ২২২ রানে। রকেটগতির শুরুটা হারিয়ে ফেলেও ভারতীয়রা রানটা টপকে গেছে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে।
প্রথম ম্যাচে ভারতীয় যুবাদের কাছে ৭৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সেই বিপর্যয়ের কথা মনে রেখেই কি না, কাল শুরুতেই নিজেদের খোলসে ঢুকিয়ে ফেললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ২৭ রান তুলতেই ১১.১ ওভার খেললেন জয়রাজ শেখ ও সাইফ হাসান। ৩৪ বলে ১৫ রান করেছেন জয়রাজ, ৩১তম ওভারে দলকে ৮১ রানে আউট হওয়া সাইফ করেছেন ৮৫ বলে ৩৩।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এরপর দায়িত্ব নিয়েছেন রান তোলার গতি বাড়ানোর। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে জাকির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে ৬৩ ও ৪৪ রানের জুটি গড়া মিরাজ ৯০ বলে ১০ চার ও ২ ছয়ে করেছেন ৮৭। যুব ওয়ানডেতে ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলার পথেই ১০০০ রানের মাইলফলক পেরিয়েছেন মিরাজ। ২৬ বলে ৩০ রান সাইফউদ্দিনের।
ভারতীয় ইনিংসে শুরুতে ঝড় তুলেছেন ঋষভ পান্ত ও ইশাণ কিষান। পান্ত ২৬ বলে ৫১ ও কিষান ১৪ বলে করেছেন ২৪। ৫.৪ ওভারের উদ্বোধনী জুটিতে এসেছে ৬৭ রান। আগের ম্যাচে ইনিংস উদ্বোধন করা ওয়াশিংটন সুন্দর কাল ছয় নম্বরে ব্যাট করে ঠিক ৫০ রান করেছেন। বাংলাদেশের মিরাজ ৫০ রানে ২ উইকেট নিয়েছেন।
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।