ভারতের কাছে হেরে টুইটার থেকে বের হয়ে গিয়েছিলেন স্টার্ক

টেস্টে স্টার্ককে ছন্দে দেখা যাবে? ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়াছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪.৫৩ গড় এবং ৬৪ স্ট্রাইকরেট। অনেক বোলারই হয়তো ক্যারিয়ার শেষে নামের পাশে এ পরিসংখ্যান দেখে খুশি হবেন। কিন্তু কথা হচ্ছে মিচেল স্টার্ককে নিয়ে। ভারতের বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাঠে নিজের ছন্দ খুঁজে না পেয়ে ৪ টেস্টে ১৩ উইকেট পেয়েছিলেন স্টার্ক। সে সিরিজেরই গড় আর স্ট্রাইকরেট এগুলো। এমন পারফরম্যান্সে এমন সমালোচনা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেছিলেন!

স্টার্কের মতোই প্রত্যাশা পূরণ করতে পারেনি অস্ট্রেলিয়া দলও। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। আর ব্যাটিং লাইনআপের দুর্বলতা ঢাকতে পারেননি স্টার্করা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ জেতে ভারত (২-১)। দুই বছর পর ভারতের বিপক্ষে আরেকটি টেস্ট সিরিজের আগে নিজের বাজে সময়টার কথা মনে পড়ছে স্টার্কের।

১৭ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দিবা-রাত্রির এ টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি। অবশ্য তার আগেই স্টার্কের বোলিং তোপের ঝাঁজ টের পাওয়ার কথা। কৃত্রিম আলোর টেস্টে যে স্টার্কের মতো ভয়ংকর আর কেউ নেই। ৭ টেস্টে ৪২ উইকেট পেয়েছেন এই পেসার। ১৯.২৩ রান খরচায় বা প্রতি ৬ ওভারে এক উইকেট তাঁর।

পরশু তাই খুনে মেজাজ নিয়েই নামবেন স্টার্ক।। অথচ দুই বছর আগে সমালোচনা সহ্য করতে না পেরে হটে গিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, ‘তখন (ভারত সিরিজের পর) থেকেই আমি টুইটার থেকে সরে গেছি। এবং কোনো কিছু পড়া, মানুষ কী বলল সেটা নিয়ে ভাবা বাদ দিয়েছি। এখন পরিষ্কার একটা চিন্তা নিয়ে নামতে পারি, যা আমি নিয়ন্ত্রণ করতে পারি এবং যেভাবে চাই সেভাবে যেন বল করতে পারি।’ ক্রিকেট মান্থলিকে বলেছেন স্টার্ক।

গোলাপি বলের সর্বোচ্চ দুই উইকেট শিকারি।
ছবি: টুইটার

ভারত সিরিজের হতাশা ভুলে আবার ছন্দে ফিরেছেন। গত মৌসুমে তো টেস্টে ছিলেন আগুনে ফর্মে। ১৮.৪২ গড়ে তুলে নিয়েছিলেন ৪৫ উইকেট। উইকেট নিতে বল খরচটাও অনেক কমিয়ে এনেছেন। প্রতি ৩৪.৮ বলে একটি উইকেট তাঁর। কিন্তু সিদ্ধান্ত এখনো বদলাননি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্তে অটল স্টার্ক, ‘এরপর থেকে আমি এভাবেই প্রস্তুত হই। যাদের বিশ্বাস করি তাদের কথাই শুনি। হয় অ্যালিসার (স্ত্রী, অস্ট্রেলিয়া নারী দলের উইকেটরক্ষক) সঙ্গে অথবা ড্রের (আন্দ্রে অ্যাডামস, সাবেক কিউই পেসার ও নিউ সাউথ ওয়েলস বোলিং কোচ) সঙ্গে কথা বলি। অথবা দলের অন্য স্টাফ বা খেলোয়াড়ের সঙ্গে।’

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, এখন কোনো ধরনের সংবাদমাধ্যমের কথাই কানে নেন না স্টার্ক। একসময় বিভিন্ন মাধ্যমে নিজের সমালোচনা থেকে অনুপ্রেরণা খোঁজা স্টার্ক নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন, ‘আমি হয়তো একটু বেশিই পাত্তা দিতাম এবং আমি হয়তো মানুষ কী বলছে সেটা পাত্তা না দেওয়া থেকে মানুষকে ভুল প্রমাণ করতেই হবে—এমন মানসিকতায় চলে গিয়েছিলাম। এতগুলো সম্প্রচার প্রতিষ্ঠান, রেডিও ও পত্রিকা এবং অন্য সবকিছু মিলে আমি খুব বেশি জিনিস মাথায় নিয়ে ফেলছিলাম।’

স্মিথ-ওয়ার্নারদের অনুপস্থিতি ছিল। ছিল ব্যাটিং লাইনআপে আরও অনেক ঘাটতি। তবু নিজেদের পেস আক্রমণ সে যাত্রা ভারতের বিপক্ষে জয় এনে দেবে, এমন আশা ছিল অস্ট্রেলিয়ানদের। কিন্তু প্রত্যাশার এ চাহিদা চাপ হয়ে উঠেছিল স্টার্কদের জন্য, ‘সংবাদমাধ্যমের প্রত্যাশা অনেক বেশি ছিল। আমি বুঝেছি এসব পড়া বা এ নিয়ে ভাবা সময়ের অপচয়। একসময় এসব দেখে মানুষকে ভুল প্রমাণ করার তাগাদা পেতাম। কিন্তু সেটা করতে গিয়ে নিজেকেই গর্তে ফেলেছি, আর নিজের মতো বল করতে পারিনি। সিরিজজুড়ে যা হচ্ছিল…এক সময় মনে হচ্ছিল একসঙ্গে ৪৭ কোচের কথা শুনছি। এসব ভিন্ন মতামতে আমার কান দেওয়ার দরকারই ছিল না।’

এবার ভারতকে সেটার পাল্টা দেওয়ার সুযোগ। স্টার্কেরও সেটা ভালো করেই জানা আছে, ‘আপনি কখনোই চাইবেন না সিরিজ হারতে এবং ঘরের মাটিতে তো অবশ্যই না। ব্যাট আর বলে সেবার ভারত আমাদের চেয়ে ভালো করেছে। এ সত্য থেকে লুকিয়ে রাখার উপায় নেই। আমাদের সব ক্ষেত্রে আরও ভালো করা উচিত ছিল এবং এ গ্রীষ্মেই সে ভুল শোধরানোর সুযোগ পাচ্ছি।’