ভারতের কোচ হচ্ছেন সৌরভ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কোচ হিসেবে দেখা যেতে পারে সৌরভকে। ফাইল ছবি
ভারতের কোচ হিসেবে দেখা যেতে পারে সৌরভকে। ফাইল ছবি

তিনি সত্যিকারের এক নেতা। ভারতীয় দলটার খোলনলচে পাল্টে দিয়েছিলেন অ​ধিনায়ক থাকার সময়। ‘দেশে বাঘ বিদেশে বিড়াল’ অপবাদটাও ভারত দলের ওপর থেকে মুছে ফেলে দিয়েছিলেন। সেই ভারত আবারও যখন বিদেশ সফরগুলোতে খাবি খাচ্ছে, সৌরভ গাঙ্গুলীর কথাই সবার আগে মনে পড়ার কথা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ‘দাদা’।
বিশ্বকাপেই শেষ হয়ে গেছে ডানকান ফ্লেচারের মেয়াদ। নতুন কোচ খুঁজছে ভারত। নতুন কোচের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশের মাটিতে দলের ভালো খেলাকে। টেস্টে ভারতের দুর্দশা চোখে পড়ার মতো। সর্বশেষ ১২ টেস্টের মাত্র​ একটিতে জয়। র‍্যাঙ্কিংয়ে নেমে গেছে সাতে। সবচেয়ে করুণ দশা বিদেশে: সর্বশেষ ২৩ টেস্টে ভারতের মাত্র একটি জয়! সর্বশেষ নয়টি টেস্ট সিরিজে এক দুর্বল ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনোটাতেই শিরোপা জেতেনি! হেরেছে সর্বশেষ ছয় সিরিজেই।
কে উদ্ধার করবে ভারতকে? ভারতীয় ক্রিকেট অঙ্গনে সৌরভের নামটাই ঘুরে ফিরে আসছে। বিসিসিআইয়ের বর্তমান প্রধান জগমোহন ডালমিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (​সিএবি) প্রতিনিধিত্ব করেন। ডালমিয়া সৌরভের অন্যতম গুণমুগ্ধ। কদিন আগে সিএবির একটি অনুষ্ঠানে দুজনকে একান্তে দেখাও গেছে। তখন সৌরভ ভারতের কোচ হওয়ার ইচ্ছার কথা অনানুষ্ঠানিকভাবে ডালমিয়াকে জানিয়েছেন বলেই একটি সূত্রের খবর।
সেই সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘ক্রিকেটার হিসেবে সৌরভের​ অর্জন, তার প্রখর ক্রিকেটীয় প্রজ্ঞার কারণে সে এই পদের অন্যতম দাবিদার। কিন্তু কোচ হতে চাইলে তাকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। দুজনের মধ্যে অবশ্য কথা হয়েছে, যদিও ডালমিয়া ওকে নিশ্চয়তা দেননি।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সৌরভের কোচ হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা তাঁরই এক সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের একটি অংশ দ্রাবিড়কেই কোচ হিসেবে চায়। একটি সূত্র বলছে, ‘দ্রাবিড় খুবই সম্মানিত ব্যক্তিত্বের। রাজস্থান রয়্যালসের মেন্টর​ ও কোচ হিসেবে দারুণ করছে। আমরা এমন একজনকে কোচ হিসেবে চাই যে তরুণ দলটাকে এগিয়ে নেবে। দ্রাবিড় অন্যতম প্রার্থী হতে পারে, কিন্তু গাঙ্গুলীর মতো ওকেও আবেদন করতে হবে, ও যদি কোচ হতে আগ্রহী হয়।’
ক্রিকেটীয় টেকনিক বা স্কিল শেখানোর দিক দিয়ে দ্রাবিড় হয়তো সৌরভের​ চেয়ে এগিয়ে। কিন্তু নেতা হিসেবে জাতীয় দলে ব্যর্থই ছিলেন তিনি। দ্রাবিড়ের নেতৃত্বেই ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। আর জাতীয় দলও এক এমনটা দল, যেখানে ক্রিকেটারদের শেখানোর চেয়ে প্রেরণামন্ত্রে উজ্জীবিত করাটাই আসল। সৌরভ-ভক্তেরা বলবেন, এ কাজটি তাঁর চেয়ে ভালো আর কে জানে!