ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনিদের কোচ হতে পারেন দ্রাবিড়। ফাইল ছবি
ধোনিদের কোচ হতে পারেন দ্রাবিড়। ফাইল ছবি

ধোনিদের বাম বা ডান—কোনো কানেই সাফল্যমন্ত্র জপে দিতে পারছেন না ডানকান ফ্লেচার। ইংল্যান্ডের বিপক্ষে রীতিমতো নাকানিচুবানি খেয়ে সিরিজ হারার পর এরই মধ্যে ভারতের কোচের ওপরে বসানো হয়েছে রবি শাস্ত্রীকে। শোনা যাচ্ছে, কোচের পদ থেকে নাকি ফ্লেচারকে সরিয়েও দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে ভারতের নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ই সবার থেকে এগিয়ে আছেন বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যম।

এরই মধ্যে ফ্লেচারের সহকারীদের ওপর কোপ পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে দলের বোলিং ও ফিল্ডিং কোচকে। এই দুটো জায়গায় আপাতত কাজ করবেন দুই ভারতীয়। শাস্ত্রী মুখে দাবি করছেন বটে, ফ্লেচারের ক্ষমতা খর্ব করা তাঁর কাজ নয়, কিন্তু ফ্লেচারকে এরই মধ্যে এই বার্তা পাঠানো হয়ে গেছে, ‘তোমার আর কোনো ক্ষমতা নেই।’

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী সিরিজের আগেই যদি ফ্লেচার সরে যেতে চান, তাহলে তাঁকে আটকাবে না বোর্ড। বরং তাঁকে পদত্যাগ করার দিকেই নাকি ঠেলে দিচ্ছে বিসিসিআই। 

ফ্লেচারের বিকল্প হিসেবে এরই মধ্যে দ্রাবিড়কে ভেবেও রাখা হয়েছে। ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর ওপরই আস্থা রাখতে চাইছে বোর্ড। বর্তমান দলটির বেশির ভাগ খেলোয়াড়কেই দ্রাবিড় গভীরভাবে চেনেন। বর্তমান ড্রেসিংরুমের খেলোয়াড়েরাও দ্রাবিড়কে দেবতা-জ্ঞানে শ্রদ্ধা করেন। বিদেশের কন্ডিশনে দ্রাবিড়ের ধারাবাহিক সফলতার রসায়নও কাজে দেবে।

দলীয় শৃঙ্খলা ও ম্যান-ম্যানেজমেন্টের কাজটা শাস্ত্রী করে দিলে বাকি দিকটা দ্রাবিড় ভালোমতোই সামলাতে পারবেন। আর তাই দ্রাবিড়কে শিগগিরই ভারতের কোচের পদে দেখলে অবাক হওয়ার কিছু নেই।