ভারতের কোচ হতে চান ৫৭ জন!

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর একটি। সবচেয়ে দামি দল নিঃসন্দেহে। সেই দলেরই কিনা কোচ নেই এক বছরের বেশি সময় ধরে! ‘টিম ডিরেক্টর’ নামে এক পদ সৃষ্টি করে অস্থায়ী কোচ দিয়েই চালিয়ে নিচ্ছিল ভারত। অবশেষে স্থায়ী কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। আর তাতে ৫৭ জন আবেদন করেছেন ভারতীয় দলের কোচ হতে! পদটা এতটাই লোভনীয়, এক অর্থে এতগুলো আবেদন পড়া হয়তো বিস্ময়েরও নয়। তবে ক্রিকেট কোচের পদে এত আবেদন পড়ার খবরও শোনা যায়নি আগে তেমন একটা।
ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড, সবচেয়ে অর্থশালী তো বটেই। সে জন্যই হয়তো এত আগ্রহী প্রার্থীর ভিড়। কে নেই আগ্রহীদের তালিকায়! স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোর, ভেঙ্কটেশ প্রসাদ, বালবিন্দর সিং সান্ধু, কিংবা কিছুদিন আগেই সাবেক ক্রিকেটার বনে যাওয়া ঋষিকেশ কানিতকার। গত ১০ জুন ছিল আবেদনের শেষ সময়। বিসিসিআই জানিয়েছে, ৫৭ জন আছেন এই প্রাথমিক তালিকায়।
৫৭ জনের মধ্যে সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও বর্তমান নির্বাচক কমিটির প্রধান সন্দীপ পাতিলও আছেন। তবে জিম্বাবুয়ে সফরে কোচের দায়িত্বে থাকা সঞ্জয় বাঙ্গার, ভারত অরুণ ও আর শ্রীধর প্রাথমিক এই তালিকায় নেই। বোর্ড সচিবের অফিস থেকে দ্বিতীয় ধাপে নির্বাচিত কোচের তালিকা দেওয়া হবে। তখনই নাকি এঁরা আবেদন করবেন।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। তখনই জানা যাবে কে হচ্ছেন ধোনি-কোহলিদের পরবর্তী কোচ।