ভারতের কোয়ারেন্টিন সম্পর্কে কী জানালেন ধাওয়ান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সঙ্গে সময় কাটাতে আরেকটু অপেক্ষা করতে হবে ধাওয়ানকে। ছবি: ধাওয়ান টুইটার
পরিবারের সঙ্গে সময় কাটাতে আরেকটু অপেক্ষা করতে হবে ধাওয়ানকে। ছবি: ধাওয়ান টুইটার

করোনাভাইরাসকে আর অবহেলা করার উপায় নেই। সংক্রমিত হওয়ার ঝুঁকি নিতে চাইছেন না কেউই। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান যেমন কোয়ারেন্টিনে আছেন। জার্মানি থেকে ফিরে কোয়ারেন্টিনে থাকা এই ওপেনার তাঁর দেশের করোনা প্রতিরোধ ব্যবস্থারও প্রশংসা করেছেন।

কিছুদিন আগে জার্মানি থেকে ভারতে এসেছেন ধাওয়ান। এসে কোয়ারেন্টিনেও গেছেন। ভারতে বিদেশ থেকে ফেরা নাগরিকদের সরকারি কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। কিন্তু সেখানকার ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু নিজের ফেসবুক পেজে উল্টো সরকারি কোয়ারেন্টিন ব্যবস্থার প্রশংসা করেছেন ধাওয়ান।

কোয়ারেন্টিন সেন্টার নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। সেখানে বলেছেন, ‘শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো বিল্ডিং জীবাণুমুক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ, মন্ত্রী-সবাই এখানে আছেন এবং নিজেদের কাজ পরিপূর্ণভাবে পালন করছেন।’

ভিডিওতে হিন্দিতে কথা বলছিলেন ধাওয়ান। ফেসবুক পোস্তে আরও বলেছেন, ‘সবাইকে আলাদা রুম দেওয়া হয়েছে। খাওয়ার পানি, সুস্বাদু খাবার, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে। অন্যান্য সব প্রয়োজনীয় ব্যবস্থাই আছে। সরকার সব ব্যবস্থাই করেছে।’

ভিডিওতে ধাওয়ান আরও বলেছেন, করোনাসংক্রমণের এই অবস্থায় দেশে ফেরা নিয়ে ভয়ে ছিলেন। কিন্তু দেশে এসে দেখেছেন সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনের অবস্থা বেশ সন্তোষজনক। নিজের ভিডিওতে দিল্লি সরকার, পুলিশ বিভাগ এবং ভাইরাস সংক্রমণ এড়াতে ডাক্তারদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

করোনা সংক্রমণ ঠেকাতে আফগানিস্তান, ফিলিপাইন ও মালয়েশিয়া থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।