ভারতের ক্রিকেট একাডেমির কোচ স্ট্রিক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক এখন আছেন আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে। কিন্তু স্ট্রিকের ভারতবাস দীর্ঘ হতে পারে আরও। ভারতীয় দৈনিক দ্য হিন্দুর ভাষ্যমতে, ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) বোলিং কোচ হতে আগ্রহ দেখিয়েছেন এই জিম্বাবুইয়ান।
পত্রিকাটি জানিয়েছে, এজেন্ট টম হারউডের মাধ্যমে এনসিএর কাছে নিজের বৃত্তান্ত ও আবেদনপত্র পাঠিয়েছেন স্ট্রিক। এনসিএ চেয়ারম্যান নিরঞ্জন শাহ সেটি ভারতীয় বোর্ডের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরীর কাছে পাঠিয়েছেন। শাহ জানিয়েছেন, ‘আইপিএল ম্যাচের সময় হিথ স্ট্রিকের সঙ্গে দেখা হয়েছে আমার, তখন এনসিএতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন তিনি। ফাস্ট বোলিং কোচ হিসেবে তাঁর মানের একজন ক্রিকেটার খুব কাজে লাগবে আমাদের।’
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা-প্রধান আকরাম খান জানিয়েছেন, এ ব্যাপারে বিসিবি এখনো কিছু জানে না। আগামী জুনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে স্ট্রিকের। দ্য হিন্দু।