ভারতের ক্রিকেট ঠিকমতো চলছে না

বহু আশা নিয়ে সৃষ্টি করা হয়েছিল পরিচালকদের কমিটি (সিওএ)। স্বেচ্ছাচারী ও দুর্নীতিগ্রস্ত ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, জবাবদিহি সৃষ্টি করার জন্য। বিনোদ রাইকে প্রধান করে চার সদস্যের এ কমিটিতে ছিলেন সাবেক নারী ক্রিকেটার ডায়ানা এডুলজি, বিক্রম লামায়ে ও বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। ‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ গতকাল এ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রামচন্দ্র।
লোধা কমিশনের সুপারিশক্রমে ৩০ জানুয়ারি সৃষ্টি করা হয়েছিল সিওএ। ছয় মাস পেরোনোর আগেই বিভিন্ন অসংগতির কথা তুলে অব্যাহতি নিয়ে নিয়েছেন রামচন্দ্র। শক্তিশালী একটি কমিটিতে থাকার পরও ভারতীয় ক্রিকেটের নানা দুর্নীতি দূর করতে ব্যর্থ হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক। সুপ্রিম কোর্টের কাছে লেখা তাঁর পদত্যাগ পত্রে বিস্তারিতভাবে তুলে ধরেছেন সে কারণগুলো। দুই হাজারেরও বেশি শব্দে ভারতীয় ক্রিকেটের যে কঙ্কাল দেখিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে ভারতের ক্রিকেট ঠিকমতো চলছে না। যে কারণগুলো তুলে ধরা হয়েছে, এর কিছু কিছু বাংলাদেশের ক্রিকেট নিয়েও ভাবনাটা উসকে দেয়:

১. রামচন্দ্র গুহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বোর্ডের মধ্যকার স্বার্থের দ্বন্দ্বকে। বোর্ডের অধীনের অনেক কোচকেই পূর্ণাঙ্গ বার্ষিক চুক্তি না করিয়ে দশ মাসের চুক্তি করানো হয়, যাতে আইপিএলেও তাঁরা কাজ করতে পারে। বয়সভিত্তিক দলগুলোর অনেক কোচও সে সুযোগ নিচ্ছেন। যে কোচ যত বিখ্যাত কিংবা খেলোয়াড় হিসেবে যত বিখ্যাত ছিলেন, তাঁদেরই এ সুবিধা দেওয়া হচ্ছে। ক্রিকেট প্রশাসক এবং অনেক নির্বাচকের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হচ্ছে। যেটা অন্যায় এবং জাতীয় দলের জন্য ক্ষতিকর। ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা আনতে চাইলে এটা দূর করা দরকার। জাতীয় দলের সঙ্গে জড়িত কেউ কোনো ক্লাবের অংশ হলে সেটা পরবর্তীতে দল নির্বাচনে প্রভাব ফেলে। বারবার এ প্রসঙ্গ তুলেও তাঁর সঙ্গীদের এ প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নেওয়াতে পারেননি রামচন্দ্র।
২. সুনীল গাভাস্কার কিংবা মহেন্দ্র সিং ধোনিদের ক্ষেত্রে বোর্ডের নমনীয় আচরণ। গাভাস্কার বোর্ডের তালিকাভুক্ত ধারাভাষ্যকর। আবার এমন একটি প্রতিষ্ঠানের অংশ, যার বেশ কিছু খেলোয়াড়ের এজেন্ট। সে ক্ষেত্রে ওই খেলোয়াড়দের ব্যাপারে মন্তব্যে নিরপেক্ষ থাকা তাঁর পক্ষে খুব কঠিন। ধোনির ক্ষেত্রে ব্যাপারটা আরও জটিল ছিল। দলের অধিনায়ক থাকা অবস্থাতেই বেশ কিছু খেলোয়াড়ের এজেন্টের ফার্মে যুক্ত ছিলেন ধোনি। এটা অন্যায় জানা সত্ত্বেও বোর্ড সেটা মেনে নিত। যাতে তাদের অন্যায়ের সময় এমন বলিষ্ঠ কণ্ঠের বর্তমান কিংবা সাবেক খেলোয়াড়েরা চুপ থাকেন! এ প্রসঙ্গেও রামচন্দ্রের তাগাদার পরও সিওএ কোনো উদ্যোগ নেয়নি।
৩. খেলোয়াড়দের সঙ্গে চুক্তিতে বৈষম্য। এখানেও তারকাখ্যাতি বেশি প্রভাব রেখেছে। ধোনি টেস্ট খেলবে না বলার পরও, তাঁকে ‘এ’ গ্রেডে রাখা হয়েছে। অথচ তিন সংস্করণ খেলেও চুক্তির উচ্চ পর্যায়ে রাখা হয়নি অনেককে। এতে ভুল বার্তা পাঠানো হচ্ছে।
৪. অনিল কুম্বলের চুক্তির বিষয়টি খুব বাজেভাবে সামলানো হয়েছে। গত এক বছরে দল দারুণ করেছে, এর কৃতিত্ব কোচেরও প্রাপ্য। তবু তাঁর চুক্তি নবায়ন না করে যেভাবে নতুনভাবে আবেদনপত্র চাওয়া হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। আর বিরাট কোহলির সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব থাকলে ব্যাপারটা আইপিএল চলার সময়ে মিটমাট করা যেত। কেন চ্যাম্পিয়নস ট্রফির আগেই এ প্রসঙ্গ তুলে আনা? আর কোহলির কথা শুনেই কোচ বদলানোর সংস্কৃতি যদি চালু করা হয় তবে তো ‘তারকা-রোগ’ শুরু হয়ে যাবে। কিছুদিন আগে ধারাভাষ্যকর কে হবে সেই সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছেন খেলোয়াড়েরা। এখন যদি কোচদের ব্যাপারেও তাদের ক্ষমতা প্রকাশ করতে দেওয়া হয়। কদিন পরে নির্বাচকদের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত কোহলিরা নেবেন!
৫. স্থানীয় লিগের ক্রিকেটারদের বেতন-ভাতা এখনো নিম্ন পর্যায়ের। আইপিএল কিংবা জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এত বিশাল বৈষম্য চলতে দেওয়া যায় না।
৬. সিওএকে বিভিন্ন সময়ে যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছিল, সেটা আদালতের নজরে আনা উচিত ছিল। অনেক অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ক্রিকেট সংগঠক বারবার সিওকে বাধাগ্রস্ত করেছে। এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতে দল না পাঠানোর একটা চেষ্টাও চলেছিল। এ ব্যাপারগুলো আরও কঠোরভাবে দমন করা দরকার ছিল।
৭. একজন সাবেক পুরুষ ক্রিকেটারের অনুপস্থিতি কমিটির শক্তি খর্ব করেছে। ডায়ানা অনেক ক্ষেত্রেই যে যুগোপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে সেটার পরিপূর্ণতা দিতে একজন সাবেক পুরুষ ক্রিকেটারের উপস্থিতি জরুরি ছিল। এ ব্যাপারেও রামচন্দ্রের প্রস্তাব উপেক্ষা করেছে কমিটির অন্য সদস্যেরা। নিজের পদত্যাগপত্রে তাঁর বদলি হিসেবে একজন ক্রিকেটার নেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
৮. সিওএ কমটির সদস্য নির্বাচনের সময়ও অরাজনৈতিক এক সদস্যকে বাদ দিয়ে একটি দলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিকে ঢোকানো হয়েছে। এ ধরনের সিদ্ধান্তে আগে অন্য সদস্যদের অবহিত করা প্রয়োজন ছিল।