ভারতের ক্রিকেটে আরেক শচীন

১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর ওয়ানডে অভিষেক হয়েছিল শচীন টেন্ডুলকারের৷ কাকতালীয় বলতে পারেন, এর ঠিক এক বছর আগে, ১৯৮৮ সালের ১৮ ডিসেম্বর জন্ম নেন আরেক শচীন৷ পুরো নাম শচীন বেবি৷ ভারতীয় ক্রিকেট যখন দীর্ঘ দুই যুগ ধরে এক শচীনের খেলা দেখে অবশেষে তাঁকে বিদায় জানিয়েছে, সেই সময় আরেক শচীন ছায়া ফেলছেন জাতীয় দলের আশপাশে৷ এই শচীনের নাম শচীন বেবি৷ কেরালার ২৬ বছর বয়সী এই তরুণ হায়দরাবাদের বিপক্ষে গতকাল তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি৷ রঞ্জিতে কেরালার নেতৃত্বও দিচ্ছেন তিনি৷
নামে মিল থাকলেও টেন্ডুলকারের সঙ্গে অবশ্য শচীনের অমিলই বেশি৷ প্রথম অমিল তো অবশ্যই তিনি সেই মাত্রার প্রতিভাবান নন৷ দ্বিতীয় আরেক বড় অমিল তিনি বাঁ–হাতে ব্যাট করেন৷ অবশ্য টেন্ডুলকার নিজেও বাঁ–হাতি৷ ক্রিকেটটা ডান হাতে খেললেও টেন্ডুলকার লেখালেখিসহ বাকি কাজগুলো বাঁ–হাতেই করেন৷ এমনিতে সীমিত ওভারের ক্রিকেটে বেশ ভালোই খেলেন৷ লিস্ট ‘এ’ (ঘরোয়া একদিনের ম্যাচ) ক্রিকেটে ৯৮.৩৪ স্ট্রাইক রেটে তাঁর ব্যাটিং গড় ৪৫.১৪৷ তবে সে তুলনায় প্রথম শ্রেণির ক্রিকেটে ততটা সপ্রতিভ নন৷ গড় ২৭.৭১৷ ২৫তম ম্যাচে এসে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা৷ আর সেটাকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে৷ অবশ্য গত বছর ভারতের ‘এ’ দলের হয়েও খেলেছেন৷ মানে নির্বাচকদের ভাবনায় ভালোমতোই ছিলেন৷ ধারাবাহিকতা থাকলে কে জানে, হয়তো একদিন ভারতের জাতীয় দলে দেখা যাবে শচীন নম্বর টুকে৷
তবে ব্যাটিংয়ের চেয়েও বেশি নজর কাড়ে তাঁর নাম৷ স্বাভাবিকভাবেই সবার কৌতূহল তাঁর নামের রহস্যে৷ সেই রহস্য খোলাসা করে শচীন বেবি বলেছেন, ‘এই নাম নিয়ে আমি গর্ব করি৷ এটা আমাকে বাড়তি সাহস দেয়৷ আসলে আমার জন্ম কেরালায়৷ আমার মা–বাবা ক্রিকেট ভালোবাসেন, বিশেষ করে আমার মা৷ তারা শচীনের অনেক বড় ভক্ত৷ শচীন স্যারের অভিষেকের আগে আমার জন্ম, তখনই এই নাম দেওয়া হয়৷’
জার্সির পেছনে শচীন নাম নিয়ে খেলাটা তাঁকে এরই মধ্যে স্মরণীয় কিছু মুহূর্ত এনে দিয়েছে৷ আইপিএল ছয়ে দিল্লির হয়ে এক ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন৷ সে সময় পুরো গ্যালারি তাঁকে দেখতে পেয়ে ‘শচীন, শচীন, শচীন’ স্লোগান দিতে শুরু করে৷ মাঠের সতীর্থ ফিল্ডাররাও এতে ভ্যাবাচেকা খেয়ে যান৷
আইপিএল খেলতে গিয়েই টেন্ডুলকারের সঙ্গে প্রথম সরাসরি কথাও হয়েছে৷ সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছিলাম৷ দিনেশ কার্তিক আমার খুব ভালো বন্ধুর মতো৷ তিনি আমাকে শচীন স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেন৷ ডাগআউটে নিয়ে গিয়ে বলেন, “শচীন, আসো শচীন বেবির সঙ্গে পরিচিত হও৷” টেন্ডুলকার আমার সঙ্গে হাত মেলান৷ হেসে বলেন, “ওহ, তুমিই শচীন বেবি৷ অনেক ভালো লাগল পরিচিত হয়ে৷ তোমার জন্য অনেক শুভকামনা রইল৷” তাঁর মতো একজন কিংবদন্তির সঙ্গে আমার সেই কথা বলার অভিজ্ঞতাটা দারুণ ছিল৷’