ভারতের খেলোয়াড়দের সঙ্গে ‘জন্তু-জানোয়ারদের মতো’ আচরণ হচ্ছে অস্ট্রেলিয়ায়?

মাঠের বাইরের আলোচনাই বেশি হচ্ছে এই সফরে।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সফরে গিয়ে দুবার কোয়ারেন্টিন। সংবাদমাধ্যমের খবর, ভারতীয় ক্রিকেট দল এ নিয়ম মানতে পারছে না। ব্রিসবেন টেস্টের আগে আরও একবার কঠোর কোয়ারেন্টিনে ফেরার ইচ্ছা নেই তাদের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজের এই শেষ টেস্ট অন্য কোনো ভেন্যুতে খেলার আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে ব্রিসবেনে তারা টেস্ট খেলতে রাজি নয়, এমন জোর গুঞ্জন চলছে সংবাদমাধ্যমে।

মেলবোর্ন টেস্ট শেষে আজ সিডনিতে পা রেখেছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজে ১-১ ব্যবধানে সমতায় থেকে বৃহস্পতিবার সিডনিতে তৃতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। সিডনিতে সংক্রমণের হার ক্রমে বাড়ছে। সিডনি থেকে যাতায়াতের ওপর কড়া বিধিনিষেধ দিয়েছে কুইন্সল্যান্ড সরকার। সে সাবধানতা থেকেই ব্রিসবেন টেস্টের আগে সিডনি থেকে যাওয়া ভারতীয় দলকে আরেক দফা কোয়ারেন্টিনে রাখতে চায় কুইন্সল্যান্ড সরকার।

এদিকে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখে কোয়ারেন্টিনে ছিল। অভিযোগও উঠেছে, জৈব সুরক্ষিত পরিবেশের নিয়ম ভেঙে মেলবোর্নে এক রেস্তোরাঁয় খেতে দেখা গেছে রোহিত শর্মা-ঋষভ পন্তদের। এ ছাড়া বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার সঙ্গেও এক ভক্তের ছবি প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও কাল কোভিড-১৯ পরীক্ষায় ভারতীয় দলের সবাই নেগেটিভ হন।

এই যখন পরিস্থিতি, তখন ভারতীয় দলকে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। কোয়ারেন্টিনের নিয়ম নিয়ে অভিযোগ না করে এর সঙ্গে ‘সবাইকে মানিয়ে নিতে’ ও অভিযোগ ‘গিলে নিতে’ বলেছেন লায়ন। ভারতীয় দলের শিবির থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নাকি লায়নের এমন কথার জবাবে বলেছেন, খেলোয়াড়েরা ‘চিড়িয়াখানার জন্তু-জানোয়ার নয়।’ এমন খবরই জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন নিউজ। ১৫ জানুয়ারি ব্রিসবেন টেস্ট শুরু হওয়ার কথা।

এক রেস্তোরাঁয় খেতে গিয়ে ঝামেলা বাড়িয়েছেন রোহিতরা।
ছবি: এএফপি

কোয়ারেন্টিন নিয়ে ভারতীয় দলের হতাশার ধোঁয়া প্রথম বের হয় ‘ক্রিকবাজ’-এর এক খবরে। দলের ভেতরকার এক সূত্রের উদ্ধৃতি প্রকাশ করে সংবাদমাধ্যমটি, ‘ভক্তদের যদি মাঠে স্বাধীনভাবে খেলা দেখতে দিয়ে খেলোয়াড়দের হোটেলে কোয়ারেন্টিন করতে বলা হয়, তাহলে এটা পরস্পরবিরোধী। সেটাও বিশেষ করে আমরা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর। চিড়িয়াখানার জন্তু-জানোয়ার যেমন আচরণ পায়, আমরা তা পেতে চাই না। সেই প্রথম কথাই, প্রত্যেক অস্ট্রেলিয়ান যেভাবে নিয়ম মেনে চলে, আমরাও সেভাবে নিয়ম মানতে চাই। মাঠে দর্শকদের ঢুকতে দেওয়া না হলে তখন খেলোয়াড়দের কোয়ারেন্টিনের বিষয়টি যৌক্তিক লাগত।’

দুই দলেই এমন কিছু খেলোয়াড় আছেন, যাঁরা প্রায় ছয় মাসের মতো জৈব সুরক্ষিত পরিবেশে রয়েছেন। লায়নের কাছে মনে হয়, অনেক বড় লক্ষ্যের এসব ক্ষুদ্র ত্যাগ। সংবাদমাধ্যমকে লায়ন বলেছেন, ‘গ্যাবায় (ব্রিসবেন) না খেলা কিংবা বিকল্প কিছু ভাবছি না। শতভাগ নিশ্চিত থাকুন, ব্রিসবেনেই খেলতে চাই। দুই দলেই কিছু খেলোয়াড় আছে, যারা ছয় মাসের মতো জৈব সুরক্ষিত পরিবেশে রয়েছে। এসব ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ। অভিযোগ না করে আসুন সবাই এর সঙ্গে মানিয়ে নিই।’